মোবাইল ফোনে আড়িপাতা আইন করছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এখনো মোবাইল ফোনে সরকারিভাবে আড়িপাতা আইনসিদ্ধ নয়। অথচ দেশব্যাপী যেভাবে নাশকতা এবং সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে, তাতে উদ্বিগ্ন ভারত সরকার, সেই সঙ্গে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও। এসব সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রম পরিচালনায় মোবাইল ফোন যে একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে সে ব্যাপারে সন্দেহ নেই। তাই ভারতের গোয়েন্দারা চাইছে অন্তত সন্দেহভাজন মোবাইল ফোনে যাতে আড়ি পাতা যায়, সে জন্য এটাকে আইনসিদ্ধ করতে। এবার সেই লক্ষ্যেই ভারত সরকার মোবাইল ফোনে যাতে গোয়েন্দারা আড়ি পাততে পারেন, সেই লক্ষ্যে একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে। আসছে সংসদের বর্ষাকালীন অধিবেশনেই ভারত সরকার এই লক্ষ্যে একটি আইন আনছে। এই আইনবলে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সন্দেহভাজনদের ফোনে আড়ি পাততে পারবে। এ ব্যাপারে আর আইনি বাধা থাকবে না। যদিও এখন ভারতের টেলিগ্রাফ আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট টেলিফোনে ট্যাপ বা আড়ি পাততে গেলে স্বরাষ্ট্রসচিবের অনুমতি প্রয়োজন। এই আইনটি পাস হলে আর স্বরাষ্ট্রসচিবের অনুমতি প্রয়োজন হবে না। গোয়েন্দারা যেকোনো মোবাইলে যেকোনো সময় আড়ি পাততে পারবেন। তবে এই সুযোগ দেওয়া হবে না কোনো বেসরকারি সংস্থা বা সাধারণ নাগরিকদের। কেবল সরকারি গোয়েন্দারাই আড়িপাতার অধিকারী হবেন। এদিকে এই নিয়ে বিতর্কও শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, এটা সংবিধানবিরোধী। ফোনে কথোপকথনের বিষয়টি একান্ত ব্যক্তিগত। তাতে আড়ি পাতা হলে এটা হবে ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। তবে গোয়েন্দা সংস্থা মনে করছে, দেশে নাশকতা এবং জঙ্গি কার্যকলাপ যেভাবে বেড়ে গেছে তাতে ব্যক্তি স্বাধীনতার চেয়ে সন্ত্রাস মোকাবিলা অতি জরুরি। তাই ব্যক্তি স্বাধীনতার কথা তুলে আড়ি পাতা বন্ধ করা উচিত হবে না। —অমর সাহা, কলকাতা