মোবাইল ফোনে টুইটারের ব্যবহার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদের ব্লগ লেখার (মাইক্রোব্লগিং) জনপ্রিয় সাইট টুইটারে নিজেদের তথ্য (স্ট্যাটাস) হালনাগাদ করার ক্ষেত্রে জনপ্রিয় মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। সম্প্রতি এক অনুষ্ঠানে টুইটারের প্রধান নির্বাহী ডিক কসটোলো এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টুইটারে হালনাগাদ হওয়া টুইটের (স্ট্যাটাস) প্রায় শতকরা ৪০ ভাগই আসে বিভিন্ন মোবাইল ফোন থেকে। অল থিংস ডি নামের একটি ওয়েবসাইট আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিষয়ে কথা বলেন ডিক। কনজিউমার ইলেকট্রনিক শোতে (সিইএস) অনুষ্ঠিত এ আয়োজনে টুইটারের ভবিষ্যৎ পরিকল্পনা, জনপ্রিয় তারকাদের টুইটার ব্যবহারসহ টুইটারের নানা বিষয়ে আলোচনা করেন ডিক। টুইটার ব্যবহারকারীদের মধ্যে মোবাইলে ব্যবহারকারী বাড়ার হার গত এক বছরে বেড়েছে প্রায় ২৫ শতাংশ। মোবাইল ফোনে টুইটার ব্যবহারের এ বিষয়টির পেছনে বেশ কিছু উল্লেখযোগ্য কারণ আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টুইটার তাদের নিজস্ব প্রোগ্রাম আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড চালিত ফোন, ব্ল্যাকবেরিসহ বিভিন্ন স্মার্টফোন ও ডিভাইসে ব্যবহারের সুযোগ দিয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশে ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও টুইট করার সুবিধা থাকায় এর ব্যবহার বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। —ম্যাশএবল অবলম্বনে নুরুন্নবী চৌধুরী