কম্পিউটারে বাংলা ভাষার প্রচলন আরও বাড়ানো যেমন জরুরি, তেমনই মোবাইল ফোনেও বাংলা ভাষার প্রচলন এখন সময়ের দাবি। পরিসংখ্যানমতে, গত দুই বছরে দেশে মোবাইল ফোনের গ্রাহক বেড়েছে দুই কোটি। ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) গতকাল শনিবার কম্পিউটারে বাংলা ভাষার ব্যবহার নিয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন কালে এসব কথা বলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার প্রসেসিং অব বাংলা ২০১১’ নামের এ সম্মেলনের আয়োজন করে আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার, বিশ্ববিদ্যালয় মঞ্জুুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের পরিচালক মোহাম্মদ আনোয়ারসহ অনেকে বক্তব্য দেন। আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য এম ওমর রহমান বলেন, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে এবং স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে কম্পিউটারে বাংলা ভাষার প্রচলন অত্যন্ত জরুরি। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান জানান, সম্প্রতি বিএসটিআই মোবাইল ফোনের জন্যও বাংলা কি-প্যাড অনুমোদন করেছে। তিনি বলেন, ‘বাংলা ভাষা ব্যাপকভাবে না থাকায় সাধারণ মানুষ নির্দেশনাগুলো বুঝতে পারে না। ফলে তারা কম্পিউটার থেকে দূরে সরে আসে। সুতরাং সাধারণ মানুষের কাছে কম্পিউটার পৌঁছাতে কম্পিউটারে বাংলা ভাষার প্রচলন প্রয়োজন।’সম্মেলনে দেশি-বিদেশি ৪৬টি গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলোর মধ্যে ছিল ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট কলকাতার অধ্যাপক বিদ্যুৎ বারান চৌধুরীর ‘বাংলা বানানপরীক্ষক’, ইন্টেল করপোরেশনের শাহ এম মুসার ‘এ সিম্পল ফোনোমিক ইনপুট মেথড ফর বাংলা কম্পিউটিং’ ইত্যাদি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকেরা উপস্থাপন করেন ‘ইউজিং ওয়েভলেট ট্রান্সফর্ম ফর বাংলা ফোনেমি সিনথেসিস’। এমআইএসটির কয়েকজন শিক্ষক উপস্থাপন করেন, ‘অ্যান এফোর্ট টু ক্রিয়েট অ্যান ইমেজ ডেটাসেট অব প্রিন্টেড বাংলা টেক্সট। অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের জাওয়াদ হামিদ কাজি তুলে ধরেন প্রস্তাবিত স্ট্যান্ডার্ড বাংলা কি-প্যাড ফর মোবাইল ফোন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) ফকরুজ্জামান খান ও আবদুস সোবহান উপস্থাপন করেন ক্রিয়েশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল প্রসেসিং অব বাংলা টেক্সট কর্পাস অব ডেইলি নিউজপেপার। এ সম্মেলন ইন্টারনেটে সরাসরি প্রচার করে কমজগৎ ডট কম। —ইমাম হাসান