মোবাইল ফোনের কারণে স্বল্পোন্নত দেশগুলোতে উন্নয়ন
মোবাইল ফোন ব্যবহারের কারণে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) প্রকাশিত একটি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।পরিসংখ্যানে বলা হয়, মাত্র ১০ বছরে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোতে মোবাইল ফোনের ব্যবহারের মাত্রা ১ দশমিক ২ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত হয়েছে। ২০০১ সালে দরিদ্র দেশগুলোতে মোবাইল ফোন দ্রুত ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার পর জাতিসংঘের তালিকাভুক্ত বিশ্বের ৪৮টি স্বল্পোন্নত দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আওতায় এসেছে। এসব দেশের প্রায় ২৫ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। তবে এসব দেশে ল্যান্ড ফোনের ব্যবহার খুব একটা বাড়েনি। এ ছাড়া ইন্টারনেট ব্যহারের হারও খুবই কম।পরিসংখ্যানে আরও বলা হয়, গত পাঁচ বছরে স্বল্পোন্নত দেশগুলোতে মোবাইল ফোনের ব্যবহার ৪২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। উন্নত দেশগুলোতে এ হার ছিল ৭ দশমিক ১ শতাংশ। ২০০৯ সালে মাত্র কয়েকটি স্বল্পোন্নত দেশে মোবাইল ফোন প্রযুক্তির বিকাশের মাত্রা নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। এ দেশগুলো হলো মিয়ানমার, কিরিবাতি, ইরিত্রিয়া ও ইথিওপিয়া। তবে ২০১০ সালের মাঝামাঝি সময়ে এ ধরনের দেশের সংখ্যা কমে যাওয়ার কথা। —আবুলহোসেন