মোবাইল ফোনের জন্য সামাজিক যোগাযোগ সফটওয়্যার
শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের গবেষকেরা মোবাইল ফোনের জন্য সামাজিক যোগাযোগ সফটওয়্যার তৈরি করেছেন। এর মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে তাদের ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করতে পারবে। সিলিকন ভ্যালির মাইক্রোসফটের গবেষক ইকবাল মহম্মদ ও তাঁর সহকর্মীরা কনট্রেইল নামে নতুন এই নেটওয়ার্ক তৈরি করেছেন। ইকবাল মহম্মদ বলেন, যখন আপনি কোনো ছবি বা তথ্য বন্ধুদের সঙ্গে ফ্লিকর-এ আদান-প্রদান করবেন, তখন অন্য যে কেউ আপনার তথ্য বা ছবি দেখে ফেলতে পারে। নতুন নেটওয়ার্কে এমনটি হবে না। এতে তৈরি করা যাবে ফিল্টার। ফলে যেসব তথ্য বা ছবি আপনি পাঠাতে চান কেবল সেগুলোই দেখা যাবে। যাদের সঙ্গে আপনি তথ্য বা ছবি আদান-প্রদান করতে চান, তাদের একটি তালিকা থাকবে মোবাইল ফোনে। তালিকার বাইরে কেউ আপনার ছবি দেখতে পারবে না। কনট্রেইল চলবে মাইক্রোসফটের উইন্ডোজ অ্যাজুর নামের একটি প্রোগ্রামের মাধ্যমে। এ ছাড়া উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম চালিত এইচটিসির ফোনের জন্য তৈরি করা হয়েছে তিনটি প্রোগ্রাম। এ প্রোগ্রামগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে সব ধরনের সামাজিক প্রোগ্রামগুলো কাজ করবে। —টেকনোলজিরিভিউ অবলম্বনে রোকেয়া রহমান