মোবাইল ফোনের দাম কমাচ্ছে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং গ্যালাক্সি এ ৩
স্যামসাং গ্যালাক্সি এ ৩

আগামী বছর থেকে নতুন মডেলের স্বল্পসংখ্যক স্মার্টফোন বাজারে আনবে স্যামসাং। সেই সঙ্গে স্মার্টফোনের দামও কমিয়ে দেওয়া হবে। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনার হার ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হবে। এ ছাড়া ফোনের দাম কমাতে স্মার্টফোনের যন্ত্রাংশ শেয়ার করার ওপর গুরুত্ব দেওয়া হবে। 
স্মার্টফোন বাজারে আনার ক্ষেত্রে স্যামসাংয়ের দর্শন ছিল ‘যত বেশি হয় তত ভালো’। ২০১৪ সালে শুধু গ্যালাক্সি সিরিজেই ১৪টি মডেলের স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে এস৫, এস৫মিনি, এস৫ অ্যাকটিভ, এস৫ স্পোর্টস, এস৫৫ এলটিই-এ, এস৫ প্লাস, গ্যালাক্সি এফ, গ্যালাক্সি ডব্লিউ, গ্যালাক্সি মেগা ২, গ্যালাক্সি আলফা, গ্যালাক্সি এ৩, এ৫, গ্যালাক্সি নোট৪ ও নোট এজ। এই মডেলগুলোর মধ্যে বেশ কিছু মডেল আর বাজারে আনবে না প্রতিষ্ঠানটি। 
স্যামসাং হঠাৎ এ সিদ্ধান্ত কেন নিয়েছে? বাজার গবেষকেরা বলছেন, স্যামসাংয়ের মোবাইল বিভাগ থেকে আয় কমে গেছে। সর্বশেষ প্রান্তিকের হিসাব অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল থেকে মুনাফার হার ৭৪ শতাংশ পর্যন্ত কমেছে। তাই আগামী বছরে স্মার্টফোনের ক্ষেত্রে মূল পণ্যগুলোতেই সীমাবদ্ধ থাকতে চাইছে।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছর নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনার হার ৩০ শতাংশ কমিয়ে দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া মোবাইল ফোনের দাম কমাবে। মোবাইল ফোনের নকশা ও প্রকৌশলের ক্ষেত্রেও উন্নতি করবে।
মাঝারি ও সাশ্রয়ী মডেলের স্মার্টফোনগুলোকে গুরুত্ব দেবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

স্যামসাং গ্যালাক্সি এস ৫
স্যামসাং গ্যালাক্সি এস ৫


গত মাসেই স্যামসাং তাদের পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনার কথা জানিয়েছিল। প্রতিটি সাশ্রয়ী স্মার্টফোনের দামের ক্ষেত্রে প্রতিযোগিতা করারও ঘোষণা দিয়েছিল। চীনের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান হুয়াউয়ে ও শাওমির সঙ্গে প্রতিযোগিতা করতে দাম কমানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আইফোন ৬ ও ৬প্লাসের কারণে হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোনের ক্ষেত্রেও চাপের মুখে রয়েছে স্যামসাং।
চীনা স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় স্যামসাংয়ের নতুন পরিকল্পনার কথা ১৮ নভেম্বর বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, বাজারে স্মার্টফোন বিক্রেতা হিসেবে এখন শীর্ষেই রয়েছে স্যামসাং। কিন্তু স্মার্টফোনের বাজার দখলের হিসাব ধরলে দেখা যাবে এক বছর আগে যেখানে ৩৫ শতাংশ বাজার দখলে ছিল, এখন তা ২৫ শতাংশের নিচে নেমে এসেছে।