মোবাইল ফোনের সেবা নিয়ে ফেসবুক!
সামাজিক যোগা-যোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার মোবাইল সেবা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে। মোবাইল ফোন নিয়ে কাজ করার এ উদ্যোগ হিসেবে ফেসবুক জনপ্রিয় মোবাইলভিত্তিক গ্রাহক অনুসন্ধান ও সংযোগ-প্রতিষ্ঠান গ্ল্যান্স (www.glancee.com) নামের মোবাইল সেবা কেনার উদ্যোগ নিয়েছে। এর ফলে ফেসবুকে ৯০ কোটি ব্যবহারকারী এ সুবিধা পাবেন। গ্ল্যান্স তাঁদের ওয়েবসাইটেও এ বিষয়টি উল্লেখ করেছে। নির্দিষ্ট স্থান অনুযায়ী মোবাইল ফোনে তথ্যভিত্তিক অনুসন্ধানের ক্ষেত্রে জনপ্রিয় গ্ল্যান্স পরিচিত এবং মিশ্র বন্ধুদের মোবাইল ফোন নম্বর খোঁজার ক্ষেত্রেও সেবা দিয়ে থাকে। ২০১০ সালে মোবাইলভিত্তিক তথ্য অনুসন্ধানের সুবিধা দিতে গ্ল্যান্স চালু করেন অ্যান্ডিরা ভাক্কারি, আলবার্তো ট্রিট্টি ও গাব্রিয়াল গ্রেইস।ক্যালিফোর্নিয়ার এ প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কিছু জানাবে না—এ শর্তে ফেসবুক থেকে প্রাপ্ত মেইল সম্পর্কেও মুখ খোলেনি। এরই মধ্যে ফেসবুক আইপিওর মাধ্যমে এক হাজার ১৮০ কোটি ডলার অর্জনের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করেছে। তাই নিজেদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বিভিন্ন দিকে নিজেদের প্রসার বাড়াচ্ছে বিশ্বখ্যাত এ সামাজিক যোগাযোগের সাইটটি। এ ক্ষেত্রে মোবাইল ফোনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এগিয়ে আছে। এর আগে মোবাইল ফোনভিত্তিক ফটো শেয়ারিং সাইট ইন্সটাগ্রাম (www.instagr.am) ১০০ কোটি ডলারে কিনে নিয়েছিল ফেসবুক। তবে গ্ল্যান্স কেনার ক্ষেত্রে আর্থিক বিষয়টি এখনো জানা যায়নি। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম