সার্চ ইঞ্জিন গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে, এমন সব মোবাইল ফোনের মাধ্যমে অর্থ চুরি করতে সক্ষম একটি ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। শুধু তা-ই নয়, এটি মোবাইল ফোনগুলোতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি মিডিয়া প্লেয়ারের ছদ্মবেশে ঘাপটি মেরে থাকে। সক্রিয় করার চেষ্টা করলেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে এবং অসংলগ্ন এসএমএস পাঠানো শুরু করে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবস এই ক্ষতিকর ভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করেছে। প্রতিষ্ঠানটির মতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এটাই প্রথম ভয়ংকর ভাইরাস। ক্যাসপারস্কির নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা কমিটি জানায়, ‘আমরা ভাইরাসটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটি খুব ধীরগতিতে অ্যান্ডরয়েড অপারেটিং সিস্টেম-সংবলিত মোবাইল ফোনগুলোতে ছড়িয়ে পড়ছে। তবে এতে ক্ষতির পরিমাণ কী রকম হবে, তা এখনই ধারণা করা যাচ্ছে না।’ তবে গুগল বলেছে, এই ভাইরাস ছড়িয়ে পড়ায় তারা খুব একটা চিন্তিত নয়। গুগলের একজন মুখপাত্র বলেন, ‘অন্যসব মোবাইল অ্যাপ্লিকেশন স্টোরের মতো আমাদেরও এসব ভাইরাস মোকাবিলা করার ব্যবস্থা রয়েছে।’ তিনি বলেন, তবে ক্ষতি হওয়ার আগেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে, এমন সব মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান