মোবাইলফোনের জন্য বিজ্ঞাপন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের হার বাড়ছে বেশ কয়েক বছর ধরেই। তৈরি হয়েছে মোবাইল ফোনের উপযোগী ইন্টারনেট বিজ্ঞাপনের আলাদা বাজার। সম্প্রতি গুগল ইনকরপোরেটেড জানিয়েছে, তাদের সার্চ ইঞ্জিনে কম্পিউটারের উপযোগী সংস্করণের চেয়ে মোবাইল ফোনের জন্য তৈরি বিশেষ সংস্করণে বিজ্ঞাপনের হার বাড়ছে। এমনকি মোবাইল ফোনের বিজ্ঞাপন কম্পিউটারের বিজ্ঞাপনের হারকে ছাড়িয়েও যেতে পারে। গুগলের মতে, আইফোন, জিফোনের মতো অত্যাধুনিক সুবিধাসম্পন্ন হ্যান্ডসেটগুলোই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের প্রতি এভাবে টেনেছে ব্যবহারকারীদের। মোবাইল ফোনের উপযোগী বিজ্ঞাপন রাজস্বে ঠিক কবে ছাপিয়ে যাবে কম্পিউটারের বিজ্ঞাপনকে, তা নির্দিষ্ট করে না বললেও ঘটনাটি ঘটতে যে খুব দেরি হবে না—এ ধরনের আভাস দিয়েছেন গুগল প্রকৌশলের ভাইস প্রেসিডেন্ট ভিক গুন্ডোট্রা। তিনি জানান, সাম্প্রতিক সময়ে মোবাইল ফোন থেকে গুগলে তথ্য খোঁজার হার অকল্পনীয় গতিতে বাড়ছে। তিনি আরও জানান, গত দুই বছরে মোবাইলে গুগল ব্যবহারকারীর সংখ্যা পাঁচগুণ হয়েছে।মোবাইল ফোনের জন্য গুগল বেশ কিছু অভিনব সেবা নিয়ে এসেছে। যেমন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গুগল জানতে পারে ব্যবহারকারীর অবস্থানের মতো বিশেষায়িত তথ্য। এতে করে স্থানীয় বিপণনের কৌশলে বিজ্ঞাপনদাতারা মোবাইলে বিজ্ঞাপনে বেশি আগ্রহী হচ্ছেন। গত বছর দুই হাজার ৩৭০ কোটি ডলার রাজস্ব আয় করা সার্চ ইঞ্জিন গুগল এ বছর তাদের মোবাইল সংস্করণকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে, আছে উচ্চাভিলাষী ব্যবসায়িক পরিকল্পনাও। মটোরোলা ও এইচটিসি ফোনের জন্য গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ডয়েট এর পর সম্প্রতি নিজেদের তৈরি হ্যান্ডসেট নেক্সাস বাজারে আনার পরিকল্পনা করেছে। গুগল এ সবকিছুই করছে ইন্টারনেটে মোবাইল ফোনের আধিপত্যের দাপটে। মোবাইল ফোনকে কেন্দ্র করে বিভিন্ন সেবা ও পণ্য নিয়ে গুগল বাড়িয়ে চলছে তাদের ব্যবসার পরিধি। এরই ধারাবাহিকতায় গত নভেম্বরে তারা মোবাইল ফোনভিত্তিক বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যাডমোবকে ৭৫ কোটি ডলারে কিনে নেওয়ার ঘোষণা দেয়। —রয়টার্স অবলম্বনে জাবেদ সুলতান