মোবাইলে আসছে বিনা মূল্যের ফটোশপ

মোবাইলেই ফটোশপ ব্যবহার করে ছবি সম্পাদনা করতে চান? আর অল্প কিছুদিন অপেক্ষা করুন। এ বছরের অক্টোবরেই মোবাইল ফোনের জন্য বিনা মূল্যে ফটোশপের নতুন অ্যাপ্লিকেশন ছাড়তে যাচ্ছে অ্যাডোবি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ফোন অ্যারেনা এক খবরে জানিয়েছে, এই অক্টোবরে নতুন মোবাইল ফটোশপ অ্যাপ্লিকেশন উন্মুক্ত করার পরিকল্পনা করেছে অ্যাডোবি।
ডেস্কটপ কম্পিউটারে অ্যাডোবির ফটোশপ সফটওয়্যারটি যতটা জনপ্রিয় হয়েছে মোবাইল প্ল্যাটফর্মেও ঠিক একই রকমের জনপ্রিয়তা পাবে বলেই আশা করছে অ্যাডোবি কর্তৃপক্ষ। অক্টোবরে ডেভেলপার ও পেশাদার ছবি সম্পাদকদের নিয়ে ‘ম্যাক্স’ নামের এক সম্মেলনের আয়োজন করবে তারা। ওই সম্মেলনে আইফোন ও আইপ্যাডের জন্য নতুন ফটোশপ উদ্বোধন করতে প্রতিষ্ঠানটি।
আইফোন ও আইপ্যাডের পর অ্যান্ড্রয়েডচালিত মোবাইলের জন্যও ফটোশপের একটি সংস্করণ ছাড়বে অ্যাডোবি।
বর্তমানে বিনা মূল্যে মোবাইল প্ল্যাটফর্মে ফটোশপ অ্যাপ ছাড়ার জন্য ‘প্রজেক্ট রিগেল’ নামের প্রকল্প নিয়ে কাজ করছে অ্যাডোবি। যাঁরা ছবি সম্পাদনা করতে জানেন না বা ফটোশপ শিখতে আগ্রহী তাঁদের জন্য এ অ্যাপটি দারুণ কার্যকর হবে। নতুন এই অ্যাপে থাকবে টাচস্ক্রিন ইউজার ইন্টারফেস, ছবি সম্পাদনার জন্য বিশেষ সুবিধা, চেহারা শনাক্তকরণ প্রযুক্তি প্রভৃতি।
বর্তমানে মোবাইল সংস্করণে ফটোশপ টাচ নামে অ্যাডোবির একটি ছবি সম্পাদনার অ্যাপ রয়েছে। অ্যাপটি ব্যবহার করতে ১০ মার্কিন ডলার খরচ করতে হয়। মোবাইল সংস্করণে এই অ্যাপটি জনপ্রিয় হয়নি।
অ্যাডোবির ডিজিটাল ইমেজিং বিভাগের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক মানু আনন্দ বলেন, ‘প্রজেক্ট রিগেল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ডেস্কটপে যাঁরা পেশাদার ছবি সম্পাদনায় অভিজ্ঞ তাঁরাও এটা ব্যবহার করতে পারেন। আবার, যাঁরা ফটোশপে একদম নতুন তাঁদেরও যেন কাজে লাগে এটা।