কেনাকাটা মোবাইলেই

মোবাইল ফোন ব্যবহার করে ই-কমার্স সাইট থেকে কেনাকাটা বাড়ছে। ঈদ উপলক্ষে সেই কেনাকাটা এখন অনেক বেড়ে গেছে।
ই-কমার্সের উদ্যোক্তারা বলছেন, ঢাকার বাইরে থেকে মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করে ঢাকাভিত্তিক ই-কমার্স সাইটগুলো থেকে পণ্যের ফরমায়েশ দিচ্ছেন আর তা বাড়িতে বসে বুঝে নিচ্ছেন। স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন ঘরে বসেই ঈদের কেনাকাটা করছেন অনেকেই।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) ই-কমার্স সংগঠনের আহ্বায়ক ফাহিম মাশরুর বলেন, বাংলাদেশে এখন ই-কমার্স শিল্প ১০০ কোটি টাকার মতো। আমাদের দেশে মোবাইল ফোন বিশেষ করে স্মার্টফোন ব্যবহারকারীর হার বাড়ছে। ডেস্কটপের তুলনায় এখন মোবাইল ফোন থেকে ব্রাউজ বেশি হচ্ছে। আজকের ডিলের একজন উদ্যোক্তা হিসেবে বলতে পারি, আমার ই-কমার্স সাইটটির এক-তৃতীয়াংশ ভিজিটর মোবাইল ফোন ভিত্তিক। এ ছাড়াও মোবাইল ফোন থেকে এখন অর্ডার অনেক বেড়ে গেছে। ঢাকার চেয়ে ঢাকার বাইরের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে কেনাকাটা করেন বেশি। বাংলাদেশে এখন ই-কমার্স সাইট থেকে ৭০ শতাংশ কেনা বেচা মোবাইল ভিত্তিক হচ্ছে। যদিও এ বিষয়ে কোনো গবেষণা করা হয়নি।
ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বলেন, বাংলাদেশে ই-কমার্সের ব্যবহার নিয়ে এখনো কোনো গবেষণা করা হয়নি। তাই এ বিষয়ে নির্দিষ্ট তথ্য নেই। আমরা শিগগিরই গবেষণা চালাব। কিন্তু সাধারণভাবে বলতে গেলে, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারী বেশি তাই ই-কমার্সের বেশির ভাগ ক্রেতা মোবাইল ফোন থেকে এ ধরনের সাইটে যান এবং পণ্যের ফরমায়েশ দেন। মোবাইল ফোন থেকে বেশি ফেসবুক ব্যবহার করা হচ্ছে। ফ্রি ফেসবুক ও ফেসবুক ভিত্তিক ই-কমার্সও এখন মোবাইল থেকে বেশি হচ্ছে।
ই-কমার্স সাইট এসো ডটকমের প্রধান নির্বাহী দিদারুল আলম বলেন, মোবাইল থেকে ৭০ শতাংশ কেনাকাটা হচ্ছে। ঢাকার চেয়ে ঢাকার বাইরের ক্রেতারা বেশি মোবাইল থেকে অনলাইন সাইটগুলোতে আসছেন। এটি ইতিবাচক। যেভাবে মোবাইল ব্যবহারের মাধ্যমে কেনাকাটা বাড়ছে তাতে শিগগিরই মিলিয়ন ডলারের বাজার হবে এটি।
প্রিয়শপ ডটকমের আশিকুল আলম বলেন, ৮০ শতাংশ ব্যবহারকারীই এখন মোবাইল ফোন থেকে কেনাকাটা করছেন। ফোনে-ফেসবুকে অর্ডার দিচ্ছেন। স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন কেনা কাটা বাড়ছে। বেশির ভাগ ক্রেতা ঢাকার বাইরে থেকে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে পণ্যের অর্ডার দিচ্ছেন।
বিউটি শপ বিডির প্রধান নির্বাহী খালেদ সাইফুল্লাহ বলেন, মোবাইল থেকে কেনাকাটা তুলনামূলকভাবে বাড়ছে। আগের চেয়ে এখন অনেক বেশি ক্রেতা মোবাইল ফোন থেকে পণ্যের অর্ডার দিচ্ছেন। বাংলাদেশে সৌন্দর্যবর্ধনকারী পণ্যের মধ্যে প্যানাসনিকের টু-ইন-ওয়ান হেয়ার স্ট্রেইটনার মোবাইল ফোন থেকে অর্ডার আসছে বেশি।
অনলাইনে ফ্যাশন পণ্য বিক্রেতা সিভি স্ট্রিটের কামরুল হাসান বলেন, ঢাকার বাইরে থেকে প্রচুর ফ্যাশন পণ্যের ফরমায়েশ পাচ্ছি মোবাইল ফোন থেকে। ঈদ উপলক্ষে ফ্যাশন পণ্য, পোশাক ও লেদার আইটেমের অফার বেশি আসছে মোবাইল ফোন থেকে। ধীরে ধীরে এই হার বাড়ছে। এখন মানুষ স্মার্টফোন বেশি ব্যবহার করছে বলে তাঁরা কেনাকাটা ফোন থেকেই সেরে ফেলছেন।
বিশ্বজুড়ে মোবাইলে কেনা কাটা বাড়ছে
ই-কমার্স সাইট থেকে মোবাইল ফোন ব্যবহার করে কেনাকাটা বাড়ছে বিশ্বজুড়েই। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিলোইট ও অ্যাসোস্যামের যৌথ গবেষণার ফল বলছে, ২০১৮ সাল নাগাদ মোবাইল ফোন ব্যবহার করে ই-কমার্স সাইট থেকে কেনাকাটা ৬৩ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাসোস্যামের মহাসচিব ডি. এস রাওয়াত বলেন, বর্তমানে বিভিন্ন মোবাইল বা স্মার্টফোনে ই-কমার্সের অ্যাপ্লিকেশনগুলোর কারণে অনলাইনে বিক্রি ও আয় বাড়ছে। অনলাইনে খুচরা পণ্য বিক্রেতা ফ্লিপকার্ট, আজামন ও জেবং যা আয় করে তার ৫০ শতাংশই আসে মোবাইল ফোন গ্রাহকের মাধ্যমে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অনলাইন কেনাকাটার ওয়েবসাইট থেকে ক্রেতারা রিয়েল টাইমে কেনাকাটার সুযোগ চান। এ ছাড়া প্রাসঙ্গিক তথ্য, ব্যক্তিগত প্রয়োজনীয় খোঁজখবর করা সুবিধা ও অফার নিয়ে জানতে চান। অনলাইনে পণ্য বিক্রেতাদের ক্রেতাদের প্রাইভেসি ও নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
‘গ্লোবাল পাওয়ারস অব রিটেইলিং ২০১৫’ শীর্ষক ওই গবেষণায় বলা হয়েছে, মোবাইলে পণ্য বিক্রির ক্ষেত্রে বিশ্বস্ততা, স্বচ্ছতা ও গ্রাহকের তথ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে জরুরি। অনলাইন কমার্স কোম্পানিগুলোকে মোবাইল ফোনের মাধ্যমে সার্চ থেকে শুরু করে কেনাকাটা করার সব ধরনের ফিচার দিতে হবে। এর মধ্যে থাকতে পারে পণ্য নিয়ে গবেষণা করা, দাম তুলনা করা, রেটিং দেখা, রিভিউ খোঁজা এবং সহজ লেনদেন সুবিধা।
গবেষণায় বলা হয়েছে, বাজারে নতুন পরিধেয় প্রযুক্তিপণ্য যেমন স্মার্টগ্লাস, স্মার্টওয়াচ আসলে তা ক্রেতাদের জন্য অনলাইনে কেনাকাটার নতুন দুয়ার খুলবে। এ ক্ষেত্রটিতে ই-কমার্স উদ্যোক্তাদের চোখ রাখতে হবে।
ওই গবেষণায় বলা হয়েছে, স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায় অনলাইন মার্কেটপ্লেস ব্যাপকভাবে বাড়ছে। ক্রেতাদের কাছে ইন্টারনেট সুবিধার মোবাইল ফোন কেনাকাটা সহজ করে দিচ্ছে। এশিয়ার বাজারে উদ্ভাবনী কোম্পানি হওয়ার পরিবর্তে প্রাথমিক ই-কমার্স কোম্পানি হিসেবে সেবা দিচ্ছে অনলাইন মার্কেটপ্লেসগুলো। এশিয়ার বাজারে ক্যাশ অন ডেলিভারি বা পণ্য বুঝে পাওয়ার পর ক্রেতা অর্থ পরিশোধের এই পদ্ধতিটি অধিক জনপ্রিয়।