মোবাইলে কেনাকাটার সুবিধা আনবে অ্যাপল

আইফোন ও আইপ্যাড ব্যবহার করে কেনাকাটা করার সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে প্রযুক্তি-পণ্য নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপলের সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়েছে, পেপ্যালের মতো একটি মোবাইল পেমেন্ট সার্ভিস তৈরির পরিকল্পনা করেছে অ্যাপল।
অ্যাপলের আইটিউনস ও অ্যাপ স্টোরের প্রধান অ্যাডি কিউ জানিয়েছেন, মোবাইল পেমেন্ট সার্ভিস তৈরিতে তিনি এর মধ্যেই এই ক্ষেত্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। অ্যাপলের পণ্য কিনতে যাতে ব্যবহারকারীরা তাদের আইপ্যাড ও আইফোন ব্যবহার করতে পারেন তার জন্য মোবাইল পেমেন্ট সার্ভিস তৈরির সম্ভাবনা নিয়েও কথা বলেছেন তিনি।
অ্যাপলের মোবাইল পেমেন্টে যাওয়ার আগ্রহের পেছনে মার্কিন বাজার-বিশ্লেষকেদের যুক্তি হচ্ছে, অ্যাপল তাদের আইটিউনস স্টোর থেকে ডিজিটাল কনটেন্ট বিক্রি করে এবং ব্যবহারকারীরা তাদের আইটিউনস অ্যাকাউন্ট ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন কিনতে পারেন। অর্থাত্, বর্তমানে অ্যাপলের কাছে অনেক ক্রেতার ক্রেডিট কার্ডের তথ্য গচ্ছিত রয়েছে।
মোবাইল পেমেন্টের যাওয়ার আরেকটি ইঙ্গিত হচ্ছে অ্যাপলের অনলাইন স্টোরের নির্বাহী কর্মকর্তা জেনিফার বেইলিকে সরিয়ে তাকে পেমেন্ট ব্যবসার দায়িত্ব দেওয়া। অ্যাপলের তিনজন কর্মকর্তার কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
মোবাইল পেমেন্টের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আইফোন৫এসে থাকা ফিংগার প্রিন্ট রিডার প্রযুক্তিটি ব্যবহার করতে পারে অ্যাপল।
২০১৩ সালের তথ্য অনুযায়ী, অ্যাপলের আইটিউনস স্টোরে প্রায় ৫৭ কোটি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন এবং গত পাঁচ বছরে সাড়ে ৩৭ কোটি আইফোন ও ২০১০ সালের পর থেকে সাড়ে ১৫ কোটি আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল।