মোবাইলে গেম খেলার প্রতিযোগিতা

আজ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫ উপলক্ষে গেম নির্মাতা প্রতিষ্ঠান রাইজ আপ ল্যাবস আয়োজন করেছে একটি মোবাইল গেমিং প্রতিযোগিতা। রাইজ আপ ল্যাবসের বানানো ‘ট্যাপ ট্যাপ অ্যান্টস’ খেলতে হবে আগ্রহীদের। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারীর জন্য একটি স্মার্টফোন এবং পরবর্তী চারজনের জন্য থাকবে পুরস্কার। মেলা স্টলে ও অনলাইনে এই গেম খেলা যাবে। তিন দিনের এ প্রতিযোগিতার নিয়ম রাইজ আপ ল্যাবসের ফেসবুক পেজে পাওয়া যাবে।
রাইজ আপ ল্যাবস কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাপ ট্যাপ অ্যান্টস গেমটি খুবই মজার এবং ব্যতিক্রমধর্মী কাহিনি নিয়ে বানানো। এ গেমে গেমারের মূল কাজ হচ্ছে স্ক্রিনে চারপাশ থেকে আসতে থাকা ক্ষুধার্ত পিঁপড়ার হাত থেকে খাবার রক্ষা করা এবং স্ক্রিনে টাচ করে প্রতিটি পিঁপড়াকে পিষে মারা। গেমটিতে বিভিন্ন ধরনের পিঁপড়া, পৃথক পৃথক ব্যাকগ্রাউন্ড এবং বেশ কয়েকটি গেম মোডসহ রয়েছে আরও অনেক বৈশিষ্ট্য।
এ গেমটি অ্যাপল স্টোরে ১৫ মিলিয়নের অধিক ডাউনলোড হয়েছে এবং ১০০ টির বেশি দেশে শীর্ষস্থান দখল করেছে। বর্তমানে গেমটি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ স্টোরেও পাওয়া যাচ্ছে। অ্যাপল স্টোরের মতো অ্যান্ড্রয়েড ও উইন্ডোজেও ভালো সাড়া জাগাতে পারবে বলে আশা করছেন রাইজ আপ ল্যাবসের প্রতিষ্ঠাতা এরশাদুল হক।