মোবাইলে নকল!

পরীক্ষার হলে এখন মোবাইল ফোন ব্যবহার করে ‘নকল’ করা হয় বলে মোবাইল সঙ্গে রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। কিন্তু এই প্রযুক্তির যুগেও মোবাইল ফোন ব্যবহার করে নকলের চেষ্টা করেন কেউ কেউ। সম্প্রতি দাবা খেলার সময় স্মার্টফোন ব্যবহার করে ‘নকল’ করার সময় ধরা খেয়েছেন জর্জিয়ার এক গ্র্যান্ডমাস্টার।
বাথরুমে যাওয়ার নাম করে বার বার সেখানকার ডাস্টবিনে রাখা স্মার্টফোনের প্রোগ্রাম দেখে এসে খেলছিলেন জর্জিয়ার জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার গায়োজ নিগালিজ। দুবাইতে ১২ হাজার ডলার মূল্যমানের পুরস্কারের এই প্রতিযোগিতায় নকলের দায়ে তাকে বের করে দেওয়া হয়েছে। বিবিসির এক খবরে বলা হয়েছে, খেলার সময় বাথরুমে গিয়ে ফোন ব্যবহার করছিলেন জর্জিয়ার এই গ্র্যান্ডমাস্টার।
নিগালিজের প্রতিদ্বন্দ্বী মার্কিন চ্যাম্পিয়ন টিগরান পেট্রোসিয়ান প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষকে নিগালিজের বারবার বাথরুমে যাওয়ার বিষয়ে অভিযোগ করেন। কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করে বাথরুমের ডাস্টবিনে একটি স্মার্টফোন খুঁজে পান। নিগালিজ অবশ্য ফোন ব্যবহারের কথা অস্বীকার করেছেন এবং ফোনটি তাঁর নয় বলেও দাবি করেছেন। তবে ফোনটি পরীক্ষা করে দেখা গেছে তাতে ফেসবুক লগ ইন করা ছিল এবং তাতে একটি দাবার প্রোগ্রাম চালু ছিল যাতে দাবার বোর্ডে তার অবস্থানের সঙ্গে প্রোগ্রামের অবস্থানটি মিলে যায়।
নিগালিজের এই ঘটনাটি আন্তর্জাতিক দাবা ফেডারেশনের অ্যান্টি-চিটিং কমিশন দেখবে। দোষী সাব্যস্ত হলে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা জুটবে নিগালিজের কপালে।