মোবাইলের আট কোর-বিশিষ্ট জিপিইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল চিপ নির্মাতা আর্ম নিয়ে এসেছে আট কোরের দ্বিতীয় প্রজন্মের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ডিজাইন। এর ফলে স্মার্টফোন এবং ট্যাবলেটগুলো আরও গ্রাফিক্স-ইন্টেনসিভ ভিডিও গেম এবং ছবি এডিট করার অ্যাপসগুলো দ্রুত কাজ করবে। নতুন এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগামী বছরের সেপ্টেম্বরে প্রথম পণ্যটি বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে। এর আগে আর্মের তৈরির কোয়াড-কোর মালি ৪০০ জিপিইউ ব্যবহার করা হয়েছিল স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোনে। নতুন এ প্রযুক্তির সঙ্গে নতুন আরও তিনটি গ্রাফিক্স প্রসেসরের ঘোষণাও দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান আর্ম।বিশেষ করে ট্যাবলেট, স্মার্টফোনকে মাথায় রেখে এ জিপিইউটি তৈরি করা হয়েছে। এর কোর প্রতি অ্যারিথমেটিক লজিক ইউনিটের সংখ্যা দ্বিগুণ হওয়ায় এর ক্ষমতাও আগের চেয়ে বেড়েছে চার গুণ। আর্মের পণ্য ব্যবস্থাপক স্টিভ স্টিল জানান, ‘ব্যবহারাকারীদের কথা মাথায় রেখেই আমাদের এ ধরনের চিপ তৈরি করা হয়েছে।’ মোবাইল ডিভাইসের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ডিজাইনের ক্ষেত্রে আর্ম দারুণ জনপ্রিয় হলেও জিপিইউর ক্ষেত্রে একদম নতুন। আর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে তাদের তৈরি মালি জিপিইউ সনি, এলজি, স্যামসাংসহ বিশ্বখ্যাত নির্মাতাদের তৈরি টেলিভিশনের চিপসেট নির্মাণে ব্যবহূত হচ্ছে। টিভি বাজারেও বেশ জনপ্রিয় প্রতিষ্ঠানটির আশা নতুন প্রজন্মের গ্রাফিক্স প্রসেসর ব্যবহারের মাধ্যমে টেলিভিশনে উচ্চ গ্রাফিক্সের গেম খেলা যাবে আর নানা ধরনের মিডিয়া আরও দক্ষতার সঙ্গে প্রদর্শন করা যাবে। —বিবিসি অবলম্বনে