মোবাইলের ক্ষতি ঠেকাবে কোয়ালকমের চিপ

মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরে এমন একটি ফিচার আনছে যা ম্যালওয়্যার প্রতিরোধে কাজ করবে। কোয়ালকমের দাবি, এ ফিচারটি হার্ডওয়্যারভিত্তিক অ্যান্টি-ম্যালওয়্যার সলিউশন যা কোয়ালকমের প্রসেসরচালিত ডিভাইসে অ্যাপের আচরণ নজরদারি করার পাশাপাশি সন্দেহজনক অ্যাপ শনাক্ত করতে পারবে। কোয়ালকম একে বলছে— স্মার্ট প্রটেক্ট টেকনোলজি।
কোয়ালকমের দাবি, বর্তমানে মোবাইল যন্ত্রে থাকা অ্যান্টি ম্যালওয়্যার অ্যাপগুলো কেবল পরিচিত হুমকিগুলোকেই শনাক্ত করতে সক্ষম। ফলে ক্ষতিকর সফটওয়্যারগুলো এই নিরাপত্তা ব্যবস্থাকে সহজে পাশ কাটিয়ে যেতে পারে। স্মার্ট প্রটেক্ট এ ধরনের তালিকার ওপর নির্ভরশীল না থেকে স্মার্টফোন, ট্যাব বা অন্যান্য মোবাইল ডিভাইসের কার্যকলাপের ওপর নজরদারি করবে। কোনো অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ টের পেলে নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে।
কোয়ালকমের পণ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আসাফ অ্যাশকেনজি বলেন, কোয়ালকমের চিপনির্ভর পণ্য ব্যবহারকারীরা প্রাইভেসি লঙ্ঘন কিংবা ক্ষতিকর কার্যক্রম পরিচালনার তথ্য নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। হার্ডওয়্যার সংশ্লিষ্ট প্রযুক্তি হওয়ায় ব্যাটারি থেকে অতিরিক্ত চার্জ না ব্যবহার করেই অফলাইনে ব্যবহারকারীকে সতর্ক করে দিতে পারবে এটি।
কোয়ালকম কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরের সঙ্গে এই ফিচারটি পাওয়া যাবে। এ ছাড়াও অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট, এভিজি, লুকআউটের সঙ্গে স্মার্ট প্রটেক্ট নিয়ে কাজ করছে তারা। (দ্য ভার্জ)