মৌলভীবাজারে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি, ইন্টারনেট ও আউটসোর্সিংয়ের ওপর গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে এইচআইটি-২০২০। কর্মশালাটি পরিচালনা করেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। তিনি বলেন, ‘বাংলা আমাদের প্রাণের ভাষা। মাতৃভাষা হিসেবে অনেকেই বাংলা ভালো জানি। বাংলা ভাষার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু ইন্টারনেট ব্যবহার ও বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ভালো ইংরেজি জানা দরকার। ভালো ইংরেজি জানা না থাকায় অনেকেই বিদেশে ভালো চাকরি পাচ্ছেন না।’ তিনি জানান, আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই মাসে ১০-২০ হাজার টাকা রোজগার করা সম্ভব। এ পরিমাণ টাকার জন্য লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়ার দরকার নেই। এইচআইটি-২০২০-এর লক্ষ্য হচ্ছে, ২০২০ সালের মধ্যে ১০ লাখ জনকে আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। কর্মশালায় কীভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ ও টাকা পাওয়া যায়, সে সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।কর্মশালায় ছাত্র, গণমাধ্যমকর্মী ও তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত অনেকে উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের পরামর্শক নির্মল ভৌমিক গোস্বামী, কবি আলফ্রেড খোকন, লোপা মমতাজ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলীসহ অনেকে। —আকমল হোসেন নিপু, মৌলভীবাজার