মৌসুমি ফ্লুয়ের টিকা কেন দীর্ঘস্থায়ী হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমি ফ্লুয়ের টিকা দীর্ঘস্থায়ী না হওয়ার কারণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা
ছবি: রয়টার্স

করোনাভাইরাস মহামারির এই সময়ে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত বস্তু হয়ে উঠেছে একটি কার্যকর টিকা। প্রশ্ন হলো সম্ভাব্য টিকাটি কি একবার নিলেই হবে, নাকি মৌসুমি ফ্লুয়ের টিকার মতো বছর বছর নিতে হবে? ছোটবেলায় দেওয়া বিভিন্ন রোগের টিকা অধিকাংশ সময়ই সারা জীবন ওই রোগটি থেকে সুরক্ষা বর্ম হিসেবে কাজ করে। অথচ বড় বেলায় দেওয়া টিকাগুলো বিশেষত মৌসুমি টিকার স্থায়ীত্ব দেখা যায় এতটা হয় না। এর কারণটি জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

মৌসুমি ফ্লুয়ের টিকা নিলে সংশ্লিষ্ট ব্যক্তির শরীরের অস্থিমজ্জা ওই রোগটি মোকাবিলার জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি বেশি উৎপাদন করে। এই নতুনতর কোষগুলো দেখা যায় আবার এক বছরের মধ্যেই হারিয়ে যায়। শৈশবে দেওয়া বিভিন্ন রোগের টিকার তুলনায় এ ধরনের টিকার স্থায়ীত্ব অনেক কম থাকে। এর কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন এমোরি ভ্যাকসিন সেন্টারের গবেষকেরা।

দেহের রোগ প্রতিরোধের জন্য যে বর্মটি, তার কেন্দ্রটি রয়েছে অস্থিমজ্জায়। মৌসুমি ফ্লুয়ের টিকা এই অস্থিমজ্জাকে ফ্লু ঠেকাতে প্রয়োজনীয় অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপ্ত করে। কিন্তু এই কাজটি সে দীর্ঘ সময়ের জন্য করতে পারে না। ফলে প্রতি বছরই বিভিন্ন ফ্লুয়ের টিকা নিতে হয়। এত দিন মনে করা হতো সময়ের সঙ্গে বিভিন্ন ফ্লু ভাইরাস নিজেদের নবায়ন করার কারণেই আগের টিকাটি আর কাজ করে না। এই ধারণাটি আংশিক সত্য। কারণ গবেষণায় দেখা গেছে, সময়ের সঙ্গে টিকাটির কার্যকারিতাও কমে আসে।

ভ্যাকসিন বা টিকা সম্পর্কিত অধিকাংশ গবেষণায় টিকা কাজ করছে কিনা, তা জানতে সংশ্লিষ্ট ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষা করা হয়। উদ্দেশ্য, প্রয়োজনীয় অ্যান্টিবডি উৎপাদিত হচ্ছে কিনা এবং এটি উৎপাদনকারী কোষের অস্তিত্ব পাওয়া যাচ্ছে কিনা, তা দেখা। এ ক্ষেত্রটিকেই একটু প্রসারিত করে অস্থিমজ্জায় কী ঘটছে তা দেখার চেষ্টা করেছেন এমোরি ভ্যাকসিন সেন্টারের গবেষকেরা। বিখ্যাত সায়েন্স পত্রিকায় প্রকাশিত হয়েছে এ সম্পর্কিত গবেষণা নিবন্ধটি, যার নেতৃত্ব দিয়েছেন রাফি আহমেদ।

ফ্লু ভাইরাস আজকে নতুন নয়। এ বহু বছরের পুরোনো। তাই অধিকাংশ মানুষের শরীরেই ফ্লু-সম্পর্কিত কিছু প্লাজমা কোষের অস্তিত্ব রয়েছে। প্লাজমা কোষই হচ্ছে সেই কোষ, যা ব্যাপক পরিমাণে অ্যান্টিবডি নিঃসরণের কাজটি করে। ফলে কোনো একটি টিকা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির রক্তে উপস্থিত অ্যান্টিবডি দেখে বোঝা সম্ভব নয় যে, এটি প্রযুক্ত টিকাটির কারণেই সৃষ্টি হয়েছে কিনা। এ জন্য এমোরি ভ্যাকসিন সেন্টারের গবেষকেরা অস্থিমজ্জা পর্যবেক্ষণ করেছেন। লক্ষ্য, শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি টিকা হিসেবে দেওয়া ভাইরাস স্ট্রেইনটির কারণে সৃষ্টি হয়েছে কিনা, তা দেখা।

এ বিষয়ে গবেষক দলের সদস্য কার্ল ডেভিস সায়েন্সডেইলি পত্রিকাকে বলেন, টিকার কারণে যেসব বিশেষ কোষের সৃষ্টি হয় সেগুলো শনাক্ত করা সম্ভব। এ ক্ষেত্রে আমরা তাই করেছি। আমরা দেখেছি, নতুন সৃষ্ট অ্যান্টিবডির উৎপাদন টিকা গ্রহণের এক মাস পর থেকে বেড়ে যায়, যা এক বছর পর থেকে কমতে থাকে। অন্যদিকে ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে শরীরে এমনিতেই তৈরি হওয়া অ্যান্টিবডির উৎপাদন বছর পরও প্রায় একই হারে চলতে থাকে।’

এ বিষয়ে রাফি আহমেদ বলেন, ‘এটা স্পষ্ট যে, শুধু অস্থিমজ্জায় জায়গা দখল করেই কাজ সারলে হবে না। আরও কেন্দ্রে গিয়ে কার্যকর হতে হবে টিকার ফলে সৃষ্ট প্লাজমা কোষকে। তা না হলে দীর্ঘস্থায়ী টিকা পাওয়া যাবে না।’

এ গবেষণার জন্য ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে গবেষকেরা অস্থিমজ্জার নমুনা সংগ্রহ করেন। এ ক্ষেত্রে তাদের সহায়তা করেন এমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন ও উইনশিপ ক্যানসার ইনস্টিটিউটের অঙ্কোলজি, মেডিসিন অ্যান্ড প্যাথলজি বিভাগের অধ্যাপক এডমুন্ড কে ওয়েলার। এতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন ৫৩ জন স্বাস্থ্যবান ব্যক্তি। এতে দেখা যায়, টিকা গ্রহণের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের রক্তে ফ্লু প্রতিরোধী কোষের উপস্থিতি শূন্য দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৯ শতাংশ হয়ে যায়। কিন্তু কয়েক মাস পরই দেখা যায় আবার এ হার কমে আসছে। পরে আরও গভীর পর্যবেক্ষণে দেখা যায়, নতুন সৃষ্ট প্লাজমা কোষের পরিমাণ টিকা গ্রহণের এক বছরের মাথায় ৭০ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমে যায়।

গবেষকেরা বলছেন, এই সময়ে এই গবেষণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। করোনাভাইরাসের টিকা আবিষ্কারের জন্য সারা বিশ্ব চেষ্টা করছে। বেশ কিছু সুখবরও আসতে শুরু করেছে। এই টিকাকে দীর্ঘস্থায়ী করতে হলে এই গবেষণার ফলাফলকে গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন।