অ্যাপল কম্পিউটারের তৈরি ল্যাপটপ ম্যাক নোটবুক বেশ জনপ্রিয়। সম্প্রতি গবেষকেরা জানিয়েছেন, ম্যাকবুকের ব্যাটারিও হ্যাক করা যায়। আর সাইবার অপরাধীরা এখন এই ম্যাকবুকের ব্যাটারি হ্যাক করে তথ্য পেতে অনেক বেশি মরিয়া হয়ে উঠেছে। গবেষকদের মতে, ম্যাকবুকের ব্যাটারিতে যে চিপটি ব্যবহার করা হয়েছে, তা সহজেই হ্যাক করা যায়। অ্যাকুভ্যান্ট সিকিউরিটির গবেষক শার্লি মিলার ম্যাকবুকের ব্যাটারি হ্যাক করার তথ্যটি প্রথম আবিষ্কার করেন। তিনি বলেন, অ্যাপল ২০০৯ সালে ম্যাকবুকে হ্যাক করা যায় এমন ব্যাটারি সংযুক্ত করে দিয়েছে। সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হচ্ছে, মাত্র দুটি পাসওয়ার্ড ব্যবহার করে সহজেই এর ব্যাটারি হ্যাক করা যায়। শুধু কী তাই, হ্যাকিং করে সহজেই পাল্টে দেওয়া যায় পুরো অপারেটিং সিস্টেম অথবা অচল করে দেওয়া যায় পুরো হার্ডড্রাইভটিও। সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে গবেষক শার্লি মিলার এই ম্যাকবুক ব্যাটারি হ্যাকিং করার বিষয়টি তুলে ধরেন। তবে অ্যাপল ম্যাকবুকের এই ত্রুটির ব্যাপারে এখনো কিছু বলেনি বা কোনো মন্তব্য করেনি। —সিনেট অবলম্বনে প্রদীপ সাহা