ম্যাক প্রোর বিশেষ সংস্করণ নিলামে

নতুন নকশার ম্যাক প্রো আনছে অ্যাপল। তবে নতুন নকশার ম্যাক প্রো বাজারে আসার আগেই বিশেষ সংস্করণের ম্যাক প্রো হাতে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে আগ্রহীদের। অ্যাপলের প্রধান পণ্য নকশাকারী জনি আইভ ম্যাক প্রো কম্পিউটারের একটি বিশেষ নকশা করেছেন যা নভেম্বর মাসে নিলামে উঠবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।
অ্যাপলের নতুন নকশার ম্যাক প্রো কম্পিউটার বাজারে আসতে এখনো দেরি থাকলেও এর নকশা এর মধ্যেই প্রযুক্তি বিশ্লেষকেদের কাছে প্রশংসিত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান সোথবি ২৩ নভেম্বর জনি আইভের নকশা করা বেশ কয়েকটি পণ্যের নিলাম ডেকেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে জনি আইভের নকশা করা লাল রঙের একটি ম্যাক প্রো।
অ্যাপলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কর্মরত জনি আইভ ম্যাক প্রো ছাড়াও এই নিলামের জন্য লাইকার ক্যামেরা, এয়ারপড, ল্যাম্প, রেঞ্জ রোভারসহ বেশ কয়েকটি পণ্যের নকশা করেছেন। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে লাল রঙের ম্যাক প্রো ও লাইকার ক্যামেরাটি। সোথবি কর্তৃপক্ষ আশা করছে ম্যাক প্রো কম্পিউটারটি ৪০ হাজার থেকে ৬০ হাজার মার্কিন ডলার দাম উঠবে।
এই নিলাম থেকে যে অর্থ আসবে তা এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া নিয়ে কাজ করছে এমন আন্তর্জাতিক তহবিলে দান করা হবে।
প্রসঙ্গত, অ্যাপল সম্প্রতি আগামী প্রজন্মের কম্পিউটার হিসেবে ম্যাক প্রো বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রচলিত নকশার পরিবর্তে এ কম্পিউটারে সিলিন্ডার আকৃতি নকশা করেছেন জনি আইভ। ডিসেম্বর মাস থেকে দুই হাজার ৯৯৯ মার্কিন ডলারে এ কম্পিউটার বিক্রি করবে অ্যাপল। তবে অ্যাপলের ম্যাক প্রোর আগেই জনি আইভের বিশেষভাবে নকশা করা লাল ম্যাক প্রোটি নিলামে বিক্রি হচ্ছে।