ম্যাকে হামলার পরিকল্পনা হ্যাকারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার হ্যাকারদের একটি দল অ্যাপলের ম্যাকিনটোশ কম্পিউটারে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে। তারা এমন একটি ভাইরাস ছড়াবে, যা দেখলে মনে হবে নিরাপত্তামূলক অর্থাৎ অ্যান্টিভাইরাস সফটওয়্যার। গত বুধবার অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ক্ষতিকারক এই ভাইরাস প্রোগ্রাম ছাড়া হবে ম্যাকডিফেন্ডার, ম্যাকপ্রটেক্টর ও ম্যাকসিকিউরিটি নামে। ইন্টারনেটের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর পরিকল্পনা করেছে হ্যাকাররা। কম্পিউটার নিরপত্তাবিষয়ক ব্লগ ইনটেগো জানায়, এসব ভাইরাস দেখতে বেশ পেশাদার। এখানে বানান বা ব্যাকরণগত কোনো ভুল নেই। বাটনগুলোও খুব আকর্ষণীয়। কাজেই গ্রাহক সহজেই আকৃষ্ট হবেন। ইনটেগো ভাইরাসের আক্রমণ ঠেকাতে ম্যাকিনটোশ ব্যবহারকারীদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়েছে। এ ছাড়া অপরিচিত কোনো প্রোগ্রামে ক্লিক না করারও পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে উইন্ডোজ-চালিত পার্সোনাল কম্পিউটারের আধিপত্য। তাই হ্যাকাররা সেসব কম্পিউটারে ঘন ঘন হামলা চালায়। সম্প্রতি অ্যাপলের ম্যাকিনটোশ কম্পিউটারের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় হ্যাকারদের চোখ পড়েছে এসব কম্পিউটারের দিকে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান