ম্যাকের নিরাপত্তায় অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বয়ংক্রিয় পদ্ধতিতে সিকিউরিটি আপডেট হচ্ছে ম্যাকে
স্বয়ংক্রিয় পদ্ধতিতে সিকিউরিটি আপডেট হচ্ছে ম্যাকে

ম্যাক কম্পিউটারের নিরাপত্তার জন্য একটি স্বয়ংক্রিয় সিকিউরিটি আপডেট উন্মুক্ত করেছে অ্যাপল। কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা নতুন ধরনের একটি বাগ বা সফটওয়্যার ত্রুটি নিয়ে অ্যাপলকে সতর্ক করার পর স্বয়ংক্রিয় এই আপডেট আনল যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যাপল নিয়মিত সফটওয়্যার আপডেট সিস্টেমের সঙ্গেই কেবল সিকিউরিটি প্যাচ আপডেট করে আসছিল। এই আপডেট ইনস্টল হতে ব্যবহারকারীর অনুমোদন প্রয়োজন পড়ত। কিন্তু অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বাগটি এতটাই মারাত্মক যে ম্যাক ব্যবহারকারীদের নিরাপদ রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়েছে।
অ্যাপলের মুখপাত্র বিল ইভান্স বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নতুন আপডেটটিতে ব্যবহারকারীদের ঝামেলায় ফেলবে না এমনকি কম্পিউটার রিস্টার্ট দেওয়ার দরকারও হবে না।
সম্প্রতি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা একটি সিকিউরিটি বুলেটিনে ম্যাক বাগের কথা জানান। বেশ কয়েকটি প্রযুক্তি-প্রতিষ্ঠানের তৈরি পণ্যের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেন গবেষকেরা, যার মধ্যে অ্যাপলের ম্যাক পণ্যগুলো দুর্বৃত্তদের কবলে পড়তে পারে বলে সতর্ক করেন তাঁরা। অ্যাপলের ওএসএক্স অপারেটিং সিস্টেমের নেটওয়ার্ক টাইম প্রটোকলে (এনটিপি) এই হামলা হতে পারে। এনটিপি কম্পিউটার সিস্টেমের ক্লক সিনক্রোনাইজিংয়ের একটি পদ্ধতি। এর আগেও এনটিপি হ্যাক হওয়ার ঘটনা ঘটেছিল। তবে অ্যাপলের ক্ষেত্রে এই বাগ ব্যবহার করে কোনো কম্পিউটারের ক্ষতি করা হয়েছে কি না, সে তথ্য অ্যাপলের কাছে নেই।
নিরাপত্তা আপডেটের ক্ষেত্রে মাইক্রোসফট বেশ কিছু দিন থেকেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট উন্মুক্ত করার পদ্ধতি চালু করেছে। দুই বছর আগেই অ্যাপলও সিকিউরিটি আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে দেওয়ার পদ্ধতি চালু করলেও এবারই প্রথম এর ব্যবহার দেখা গেল।