ম্যাগাজিন বন্ধ করল ইয়াহু
একসময় ব্যয় কমাতে ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী স্কট থম্পসন ৫০ টিরও বেশি ইয়াহু সেবা বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সম্প্রতি ইয়াহুর বর্তমান প্রধান নির্বাহী রস লেভিনসন স্কট থম্পসনের সেই পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন। আইপ্যাডের ‘লাইভস্ট্যান্ড’ নামের ম্যাগাজিন সেবাটি বন্ধের মাধ্যমে সেবা বন্ধ কর্মসূচি শুরু করল ইয়াহু। আইপ্যাডের ম্যাগাজিন হিসেবে চালু হওয়ার মাত্র ছয় মাসের মাথায় বন্ধ করে দেওয়া হচ্ছে ‘লাইভস্ট্যান্ড’, এক খবরে জানিয়েছে হাফিংটনপোস্ট। ২০১০ সালের এপ্রিল মাসে আইপ্যাডের জন্য লাইভস্ট্যান্ড তৈরির কাজ শুরু করেছিল ইয়াহু। তবে এ সেবাটি আলোর মুখ দেখেছিল ২০১১ সালের নভেম্বরে এসে। অবশ্য লাইভস্ট্যান্ড তেমন জনপ্রিয়তা পায়নি। কারণ, ফ্লিপবোর্ড নামে আইপ্যাডে আরেকটি জনপ্রিয় ম্যাগাজিন ইয়াহুর লাইভস্ট্যান্ডকে জনপ্রিয়তায় হারিয়ে দেয়।ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী স্কট থম্পসন ইয়াহুকে লাভে ফেরাতে ও ব্যয় কমাতে ২ হাজার কর্মী ছাঁটাই করেন। লাইভস্ট্যান্ড সংশ্লিষ্ট ইয়াহুর পণ্যবিষয়ক কর্মকর্তা ব্লেক আরভিনকেও পদ ছাড়তে হয়। সব মিলিয়ে ‘লাইভস্ট্যান্ড’ ইয়াহু বাতিলের খাতায় স্থান করে নিয়েছে। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে সামনে আরও অনেক সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়াহু।