ম্যাজিক ফিঙ্গার স্মার্টফোনের রিমোট
স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীরা কাচের পর্দায় আঙুল ছুঁয়েই কাজ করে থাকেন। আঙুলের ছোঁয়া থেকে যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। প্রযুক্তির উৎকর্ষে হয়তো অনেকে মনে করেন, যদি স্মার্টফোনটিতে সরাসরি আঙুল না ছুঁয়ে দূর থেকে আঙুল নেড়ে কাজ করা যেত! বিস্ময়কর হলেও সত্য, এমন এক প্রযুক্তিও এখন হাতের মুঠোয় চলে আসার অপেক্ষায়। প্রযুক্তিটির নাম ‘ম্যাজিক ফিঙ্গার’। সম্প্রতি ইউনিভার্সিটি অব আলবার্টা, ইউনিভার্সিটি অব টরন্টো ও অটোডেস্ক রিসার্চের বিজ্ঞানীরা যৌথভাবে এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তাঁরা বলছেন, স্মার্টফোনের মতো টাচস্ক্রিন পর্দার যন্ত্র হাতের কাছে না থাকলেও এই ম্যাজিক ফিঙ্গার দিয়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ যেন স্মার্টফোন রিমোট কন্ট্রোল যন্ত্রের মতোই কাজ করবে।ম্যাজিক ফিঙ্গার একটি যন্ত্র, যা দেখতে একটি বিটের মতো। এটি রাবারের তৈরি এবং আবরণীর মতো আঙুলে পরে নিতে হয়। এটি আঙুলে লাগালে স্মার্টফোনটি দূর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। যেমন, রাবারের তৈরি এ আবরণটি আঙুলে থাকলে ফোনের রিংটোন বেজে উঠলে তা ব্যবহারকারীর শার্ট বা পোশাকের ওপর আঙুল নাড়িয়েই কল গ্রহণ করা সম্ভব হবে। অটোডেস্ক রিসার্চের বিজ্ঞানী টভি গ্রসম্যান বলেন, ‘আমি স্মার্টফোন পকেটে নিয়ে ম্যাজিক ফিঙ্গার আঙুলে দিয়ে রাস্তায় হাঁটছি। তখন খুব সহজেই আমি আঙুল দিয়ে কোনো কিছু মোছার মতো অঙ্গভঙ্গি করে ফোন কল রিসিভ করতে পারব।’ ছোট দুটি ক্যামেরার সাহায্যে ম্যাজিক ফিঙ্গারটি কাজ করে। এর একটি সবচেয়ে কাছের যেকোনো বস্তুর সমতল পৃষ্ঠ চিহ্নিত করে এবং অন্যটি গতির কার্যকলাপের ওপর লক্ষ্য রাখে। যে সমতল পৃষ্ঠের ওপর দিয়ে ম্যাজিক ফিঙ্গারটি নাড়ানো হবে তার ওপর নির্ভর করে বদলানো যাবে স্মার্টফোনের ইনপুট। অর্থাৎ একটি ম্যাজিক ফিঙ্গার শুধু কোনো কাপড় অথবা কাঠের ওপর নাড়িয়েই বিভিন্ন রকম ইনপুট পাঠাতে সক্ষম হবে। —ডিসকভারি নিউজ অবলম্বনে প্রদীপ সাহা