ম্যাট উয়েরকারের কার্টুন

ম্যাট-বৃত্তান্ত
মার্কিন দৈনিক পত্রিকা পলিটিকোর শুরু (২০০৭) থেকে সম্পাদকীয় কার্টুন আঁকছেন ম্যাট উয়েরকার। তার আগে ২৫ বছর ধরে কাজ করেছেন দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস, দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য নেশনের মতো নামকরা সব পত্রিকায়। ২০১২ সালে তাঁর হাতে উঠেছে পুলিৎজার পুরস্কার। ম্যাট কেবল কার্টুনই আঁকেন না, নিয়মিত ঘুমান, খান এবং কাদামাটির পুতুল দিয়ে অ্যানিমেশনও তৈরি করেন। তাঁর হাত থেকে বেরিয়েছে ম্যুরালসহ আরও নানা মাধ্যমের শিল্পকর্ম। মার্কিন এই কার্টুনিস্ট চোর-ডাকুদের কার্টুন আঁকা শিখিয়েছেন জেলখানায়! স্বস্তির বিষয়, জেলখানায় অপরাধী নয়, শিক্ষক হিসেবেই গিয়েছিলেন ম্যাট। বইয়ের প্রচ্ছদ, অলংকরণ তো করেছেনই, তৈরি করেছেন মিউজিক ভিডিও। ম্যাটের মতে, ‘তুমি যদি দ্বিধাগ্রস্ত না হও, তাহলে তুমি ঠিকভাবে চিন্তা করতে পারো না।’ পড়াশোনা শেষ করেছেন ১৯৭৯ সালে, যুক্তরাষ্ট্রের লুইস অ্যান্ড ক্লার্ক কলেজ থেকে। ওয়াশিংটন ডিসিতে সুইস দূতাবাস ও জাতীয় চিড়িয়াখানার মাঝামাঝি এলাকার একটি বাসায় সুখে-শান্তিতে বসবাস করছেন এই কার্টুনিস্ট।