দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে একটি অনলাইন আর্কাইভ গঠনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে সাড়ে ১২ লাখ ডলার দান করবে সার্চ ইঞ্জিন গুগল। দ্য নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সেন্টার অব মেমোরি নামে ওই ডিজিটাল আর্কাইভে ম্যান্ডেলার ছবি, ডায়েরি, চিঠি ও অন্যান্য নথিপত্র সংরক্ষণ করা হবে। দীঘ ২৭ বছর কারাগারে থাকার সময় ম্যান্ডেলা যত চিঠি লিখেছেন এবং তাঁর কাছে যত চিঠি এসেছে, সবই এই আর্কাইভে সংরক্ষণ করা হবে। দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটুর ওপরও একটি আর্কাইভ ডেসমন্ড টুটু পিস সেন্টার তৈরি করা হবে। গুগল ওই প্রকল্পেও সাড়ে ১২ লাখ ডলার দান করবে। ম্যান্ডেলা ও টুটুর বিভিন্ন নথিপত্র সংগ্রহের কাজে এসব অর্থ ব্যয় করা হবে। এ ছাড়া দরিদ্র ও গ্রামের লোকজনও যাতে এসব আর্কাইভে প্রবেশ করতে পারে, সে ব্যাপারে কাজ করবে গুগল। তহবিল দেওয়া ছাড়াও গুগল এই প্রকল্পে বিশেষজ্ঞ নিয়োগ দেবে। এই বিশেষজ্ঞরা বিভিন্ন নথি ডিজিটালকরণে সহায়তা করবে। নেলসন ম্যান্ডেলা সেন্টার ফর মেমোরির কর্মকর্তা সেলো হাটাং বলেন, ‘গুগলের অর্থ দেওয়ার মানে এই নয় যে আমাদের গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। তবে গুগলের এই প্রকল্পে যুক্ত হওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি।’ ম্যান্ডেলা সেন্টারের প্রধান ভার্নে হ্যারিস বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে গুগল আমাদের সহায়তায় এগিয়ে এসেছে। আমাদের এই আর্কাইভ হবে ম্যান্ডেলা সম্পর্কে জানার সবচেয়ে ভালো উৎস। এখানেই পাওয়া যাবে তাঁর সম্পর্কে যথাযথ তথ্য। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান