ম্যাপস ত্রুটির কথা স্বীকার করলেন টিম কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের নতুন ‘ম্যাপস’ প্রোগ্রামের ত্রুটির কথা স্বীকার করে এ জন্য দুঃখ প্রকাশ করলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। এক বিবৃতিতে টিম কুক জানিয়েছেন, ‘আমাদের নতুন ম্যাপস প্রোগ্রাম নিয়ে সন্তুষ্ট হতে পারেননি গ্রাহকেরা। তাঁদের মধ্যে যে হতাশার সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা সত্যিই দুঃখিত। অ্যাপল ম্যাপসের গুণগত মান বাড়ানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি। কুক আরও বলেন, ‘অ্যাপল ম্যাপসের মানোন্নয়নের সময়টায় বিকল্প ম্যাপস প্রোগ্রাম ব্যবহার করার পরামর্শ রইল গ্রাহকদের প্রতি। এ ক্ষেত্রে বিং, ম্যাপকোয়েস্ট কিংবা ওয়েজের মতো অ্যাপ স্টোর থেকে ম্যাপস প্রোগ্রাম ডাউনলোড করতে পারেন তাঁরা। এ ছাড়া, গুগল কিংবা নকিয়া ম্যাপসও ব্যবহার করা যাবে।’