ম্যাপস থেকে মরদেহের ছবি সরিয়ে নেবে গুগল

গুগল ম্যাপস নিয়ে অনেকবারই নানা সমালোচনা ও আইনি ঝামেলা পোহাতে হয়েছে গুগলকে। এবারে গুগলের স্যাটেলাইট থেকে তোলা একটি মরদেহের ছবি মুছে ফেলার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সিএনএনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, জোস বেরারা নামের এক ব্যক্তি তার নিহত ছেলের ছবি গুগল ম্যাপসে খুঁজে তা মুছে ফেলার জন্য গুগলকে অনুরোধ জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ড শহরের বাসিন্দা জোস। গুগল এ অনুরোধে রাজি হয়েছে এবং নতুন স্যাটেলাইট ছবি নিয়ে বর্তমান ছবিটি বদলে দিচ্ছে । এ প্রক্রিয়া শেষ করতে আটদিন সময় লাগছে গুগলের।
জোস বেরারার ছেলে কেভিন বেরারা ২০০৯ সালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ১৪ বছর বয়সে নিহত হওয়া এই ছেলের মরদেহ স্থানীয় পুলিশ রিচমন্ড এলাকার রেল লাইনের কাছে থেকে উদ্ধার করেন। ২০০৯ সালে ১৫ই অগাস্টের সেই চিত্রটি আজও গুগল ম্যাপসে রয়েছে বলেই এক খবরে জানিয়েছে সিএনএন।
ব্যবহারকারীরা সাধারণত গুগল ম্যাপসে মানচিত্র দেখতে পেলেও তাঁরা আর্থ ভিউ অন করার মাধ্যমে স্যাটেলাইট থেকে তোলা ছবিও দেখতে পারেন। কেভিন বেরারার বাবা জোস বেরারা জানান, তিনি গত সপ্তাহে রিচমন্ডের ঐ এলাকা ঘাঁটতে গিয়ে গুগল ম্যাপসে তার নিহত ছেলের মরদেহের ছবি খুঁজে পান।
গুগল জানিয়েছে, স্ট্রিটভিউতে তোলা ছবি (যেগুলো গাড়ির উপর বসানো ক্যামেরা থেকে তোলা হয়) প্রায়ই অভিযোগের প্রেক্ষিতে বদলানো হলেও সাধারণত স্যাটেলাইট থেকে তোলা ছবি কখনও বদলানো হয় না। কিন্তু বোররা পরিবারের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হয়েছে।