ম্যারাডোনায় খানাপিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনায় পাবেন থাই ও চীনা খাবার৷ ছবি: সুমন ইউসুফ
ম্যারাডোনায় পাবেন থাই ও চীনা খাবার৷ ছবি: সুমন ইউসুফ

বিশ্বকাপের উত্তেজনা প্রায় প্রতিটি বাড়িতে। কেউ হয়তো বাসার ছাদে পতাকা ওড়াচ্ছেন, কেউ কিনে আনছেন বড় টিভি। বসার ঘর থেকে ফেসবুক—সবখানেই পাঁড়ভক্তদের সমর্থনা আর সমালোচনার কাটাছেঁড়া। তবে ফুটবলকে ভালোবেসে গোটা এক রেস্তোরাঁ চালুর কথা শুনেছেন? এই কাণ্ডটাই ঘটিয়েছেন এক ভক্ত। সেটা আবার বিদেশ-বিভুঁইয়ে না, আমাদের শহরেই। ঢাকার অদূরে সাভারে।
সুপার ম্যারাডোনা নাম দিয়েই বুঝিয়ে দিয়েছেন তাঁর সমর্থন কোন দিকে। রেস্তোরাঁর স্বত্বাধিকারী ওয়াহিদুল হাসান অবশ্য নিজেও একজন খেলোয়াড় ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিয়মিত খেলেছেন ভলিবল। তিনি বলেন, ‘১৯৮৬ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরই আমি রেস্তোরাঁর ব্যবসা শুরু করি। সেবার বিশ্বকাপে জাদুকরের নাম ছিল ম্যারাডোনা। তাঁর প্রতি ভালোবাসা জানাতেই রেস্তোরাঁর নাম দিই সুপার ম্যারাডোনা।’ শুরুতে ঢাকার কাকরাইলে, এরপর মালিবাগ হয়ে ২০১২ সাল থেকে রেস্তোরাঁটি এখন সাভারে। সাভার বাসস্ট্যান্ড থেকে মূল রাস্তা ধরে সামনে আসতেই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বি/৬ জালেশ্বর ঠিকানার তিনতলায় গড়ে উঠেছে এই রেস্তোরাঁ। ঠিকানা বদল হলেও রেস্তোরাঁর নাম বদলাতে রাজি নন ওয়াহিদুল। বরং ঢাকার বাইরে ঈশ্বরদীতে করেছেন একই নামে আরেকটা রেস্তোরাঁ। এবার তো রীতিমতো ঘোষণা দিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতে নিলে ঢাকা শহরের ভেতরেই করবেন আরেকটা রেস্তোরাঁ। সুপার ম্যারাডোনায় খাবারের পদেও আছেন ম্যারাডোনা। বিশেষভাবে তৈরি ম্যারাডোনা ফ্রায়েড রাইস, ম্যারাডোনা চিকেন ফ্রাই, ম্যারাডোনা স্যুপ ও সালাদ আছে। থাই ও চায়নিজ খাবারের এই রেস্তোরাঁয় মিলবে মুরগি, গরু, চিংড়িসহ সামুদ্রিক মাছের নানা পদ। ১৫০ থেকে ৪০০ টাকায় নানা ধরনের খাবারের স্বাদ নিতে পারেন।

বাইরে থেকে ম্যারাডোনা রেস্তোরা
বাইরে থেকে ম্যারাডোনা রেস্তোরা

‘বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার জনপ্রিয় খাবার ‘বিফ স্টেক’ তৈরি করছি আমরা। তবে ক্রেতা ফরমাশ দিলেই সেটা তৈরি হবে।’ জানালেন ওয়াহিদুল।
বিয়ে, জন্মদিন, অফিস মিটিং বা বিশেষ কোনো পার্টির জন্য বেছে নিতে পারেন সুপার ম্যারাডোনা রেস্তোরাঁ। এসব আয়োজনের জন্য আলাদা কোনো ভাড়া দিতে হবে না। শুধু খাবারের বিল মেটালেই চলবে। একবারে ৬৫ জনের বসার ব্যবস্থা আছে এখানে। রেস্তোরাঁর নাম ম্যারাডোনা হলেও বিশ্বকাপ চলাকালীন সব ফুটবলভক্তের জন্যই থাকছে বিশেষ সুযোগ। এই সময়ে সব ধরনের খাবারেই মিলবে ১০-১৫ শতাংশ ছাড়। এ ছাড়া আপনি আর্জেন্টিনার সমর্থক হলে পাবেন দলের একটা স্যুভেনির পতাকা। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে রেস্তোরাঁটি। রেস্তোরাঁর সামনেই খোলা জায়গায় আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। তাই কেউ চাইলে পরিবারসহ আশপাশে বেড়ানোর পাশাপাশি একবার ঢুঁ মেরে আসতেই পারেন সুপার ম্যারাডোনায়।