ম্যারিকান স্টাইল, বাংলাদেশি সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছেলেকে কোন কোচিংয়ে দেবে, ভেবেছ কিছু?’ চিংকুর মা জমিলা বেগম প্রশ্নটা করলেন স্বামী রহিম সাহেবকে।
: দিয়ে দাও, পাড়ায় একটা ভালো বাংলা কোচিং আছে না। শুনলাম, ভার্সিটির কিছু ছেলে নাকি পড়ায়।
: কী বললে তুমি! আমার চিংকুকে আমি এ পাড়ার কোচিংয়ে পড়াব? অসম্ভব!
: তাহলে কোথায় পড়াবে?
: এই তো রাস্তার মাথায় একটা কোচিং সেন্টার আছে; শুনলাম, সেখানে নাকি ম্যারিকান স্টাইলে পড়ায়!
: ম্যারিকান আবার কী জিনিস?
: আরে বোকা, বোঝো না, যুক্তরাষ্ট্র মানে আমেরিকাই হলো ‘ম্যারিকা’!
: ও, তা-ই বলো! কিন্তু বাংলাদেশে আবার ওই ম্যারিকান স্টাইল লাগবে কেন? ওরা কি সব ইংরেজিতেই পড়াবে?
: এত কথা বাদ দাও তো! ওরা যা পড়াবে, তা-ই ঠিক। আমার চিংকুকে আমি ওখানেই পড়াব।
: আচ্ছা, যা ভালো মনে হয়, করো।

২.
চিংকুর মা ইজিচেয়ারে বসে আছেন। মুখে প্রসন্ন ভাব। চিংকু কোচিংয়ে যাচ্ছে, ম্যারিকান স্টাইলে পড়াশোনা করছে। টাকাপয়সা অবশ্য একটু বেশিই যাচ্ছে! যাক না, ম্যারিকান স্টাইলে তো পড়ছে! চিংকুর বাবা মাঝখানে একটা বাংলা মাধ্যমের স্যার রেখেছিলেন। ব্যাটা বলে কিনা ওই কোচিং সেন্টারের পড়াশোনা যুক্তরাষ্ট্রের জন্য। বাংলাদেশের জন্য মোটেও উপযুক্ত নয়। ব্যাটার কত্ত বড় সাহস! ম্যারিকান স্টাইলকে ভুল বলে! অতএব ওই ব্যাটা বাংলা মাধ্যমের স্যারের কথা গ্রাহ্য করতে তার কোন দায় পড়েছে?
সিডি প্লেয়ারে একটা ম্যারিকান গান ছেড়ে চিংকুর মা একটু চোখ বুজলেন। আহা, কী কথা, কী সুর! গানে কথা খুব বেশি নেই, কিন্তু ওই দুটি-তিনটি শব্দ দিয়েই কেমন অদ্ভুত গান গেয়ে চলেছেন শিল্পী, ‘বেইবি, বেইবি, বেইবি, উউউউউউ...!’ এ কারণেই বলে, ‘অনলি ম্যারিকা ইজ রিয়াল!’
চিংকুটাও এখন বেশ স্মার্ট হয়ে উঠেছে। সে এখন মম, ড্যাড, ইয়ো, ড্যুড, ম্যান ছাড়া কথাই বলে না! নাহ্, চিংকুর মায়ের খুশি হওয়ার অনেক কারণ আছে বটে!

৩.
আজ চিংকুর রেজাল্ট দিয়েছে। সেটা আনতে মা-বাবা যাচ্ছেন ছেলের স্কুলে। তাদের আর তর সইছে না। কিন্তু গাড়ি আটকে আছে নিখাদ বাংলাদেশি যানজটে। কী এক ফ্লাইওভার বানাচ্ছে, তার জন্য এত্ত যানজট! গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে চিংকুর বাবা গাড়ির রেডিওটা ছেড়ে দিলেন। আজকাল এফএম রেডিওগুলো বেশ করিতকর্মা হয়ে উঠেছে। ঘণ্টায় ঘণ্টায় আপডেট নিউজ দেয়। এত খবর তারা কোথায় পায়, কে জানে! নাহ্, পৃথিবী অনেক ঘটনাবহুল বটে!
রেডিওতে হঠাৎ একটা খবর শুনে নড়েচড়ে বসেন চিংকুর মা-বাবা, ‘নির্মাণাধীন মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভারের কাজ আরও দীর্ঘায়িত হচ্ছে। বাড়ছে দুর্ভোগ...।’
চিংকুর মা তড়াক করে লাফ দিয়ে উঠলেন, ‘এ রকম হলো কেন? শুনেছিলাম, এই ফ্লাইওভার নাকি ম্যারিকান এক্সপার্টদের ডিজাইনে বানানো হচ্ছে...!’
খবরের বাকিটা শুনে অবশ্য চিংকুর মা চুপ করে গেলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো বাঁ পাশে বসে চালিত যানের কথা মাথায় রেখে করা নকশায় এই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। কিন্তু বাংলাদেশে ডান হাতে চালিত যানের জন্য ব্যবহার করতে হবে। ফলে অনেক সমস্যা তৈরি হবে বলে মনে করছেন সড়ক যোগাযোগ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা।’

৪.
ছেলের রেজাল্ট নিয়ে ফিরছেন চিংকুর মা-বাবা। চিংকু চার সাবজেক্টে ফেল করেছে। ছেলেকে ম্যারিকান স্টাইলে পড়িয়ে এমন বাংলাদেশি ফেল জুটেছে দেখে চিংকুর মা পোড়া দেশটার শিক্ষাব্যবস্থার চৌদ্দগুষ্টি উদ্ধার করে ছাড়ছেন। চিংকুর বাবাও ক্ষণে ক্ষণে অদৃশ্য কারও উদ্দেশে বকুনি দিচ্ছেন। একসময় মোবাইল ফোনটা হাতে নিলেন, ওই বাংলা মিডিয়ামের স্যারকে ফোন দেবেন কি না, ভাবছেন। চিংকুর অবস্থা ফ্লাইওভারের মতো হওয়ার আগেই একটা ব্যবস্থা নিতে হবে তো!