ম্যালওয়্যারে হুমকি বাড়ছে ব্যবসার
ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হ্যাকারদের হামলা বাড়ছে। ইন্টারনেটভিত্তিক ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকাররা চেষ্টা করছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তথ্য হাতিয়ে নেওয়ার। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেকের গবেষকেরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি ইন্টারনেট নিরাপত্তা ঝুঁকি বিষয়ক বার্ষিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিমানটেক। ১৬ এপ্রিল প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিককালে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সাইবার হামলা বেড়েছে। ২০১২ সালে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে প্রতিদিন গড়ে ১১৬ বার সাইবার হামলা করেছিল হ্যাকাররা যা ২০১১ সালের গড় ছিল ৮২ বার। সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছিল পণ্য নির্মাতা ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বলতে এ ক্ষেত্রে ২৫০ জনের কম কর্মীবিশিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই গণ্য করেছে সিমানটেক।অবশ্য সাইবার হামলা বাড়লেও প্রচলিত ইমেইলের মাধ্যমে স্প্যাম ছড়ানোর বিষয়টি কিছুটা কমেছে বলে জানিয়েছে সিমানটেক।সিমানটেকের গবেষকেদের ভাষ্য,ম্যালওয়্যার, স্প্যামের সমস্যা বর্তমানে মারাত্মক আকার ধারণ করছে। আর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য তা চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। উইন্ডোজ প্ল্যাটফর্মের পাশাপাশি ম্যাক অপারেটিং সিস্টেমেও ম্যালওয়্যারের আক্রমণ বাড়ছে।মোবাইল পণ্যের ক্ষেত্রেও ম্যালওয়্যার আক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। ২০১১ সালের তুলনায় ২০১২ সালে মোবাইল ডিভাইসে ম্যালওয়্যার আক্রমণের হার ৫৮ ভাগ বেড়েছিল। মোবাইল পণ্যগুলোর মধ্যে শতকরা ৯৭ ভাগ ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম লক্ষ্য করে তৈরি।