ম্যালেরিয়ারোধী যৌগ
স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ম্যালেরিয়া জ্বরের চিকিৎসায় ব্যবহারোপযোগী একটি নতুন যৌগ আবিষ্কার করেছেন। ডিডিডি১০৭৪৯৮ নামের যৌগটি মানুষকে ম্যালেরিয়া থেকে সুরক্ষিত রাখবে এবং রোগটির বিস্তারও প্রতিরোধ করবে। এই যৌগের তৈরি ওষুধটি মাত্র একবার সেবনেই এসব সুফল পাওয়া যাবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। তাঁদের গবেষণা প্রতিবেদনটি নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ম্যালেরিয়ার প্রচলিত চিকিৎসার বিরুদ্ধে অনেক পরজীবী প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হয়েছে। নতুন ওষুধটি এসব প্রাণীর বিরুদ্ধে জোরালো লড়াই করতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০১৩ সালে সারা বিশ্বে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ২০ কোটি ঘটনা চিহ্নিত করা হয়েছে। মশাবাহিত রোগটির কারণে ওই বছর ৫ লাখ ৮৪ হাজার মানুষের মৃত্যু হয়, যাদের অধিকাংশই গর্ভবতী নারী অথবা পাঁচ বছরের কম বয়সী শিশু। বিবিসি।