ম্যাশেবল কিনে নিচ্ছে সিএনএন
জনপ্রিয় প্রযুক্তিবিষয়ক ব্লগসাইট ম্যাশেবল (www.mashable.com) কিনে নিচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা কেব্ল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)। আর ব্লগটি প্রায় ২০ কোটি ডলারের বিনিময়ে সিএনএন কিনে নিচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের অস্টিনে চলমান সাউথ বাই সাউথ-ওয়েস্ট কনফারেন্সে (এসএক্সএসডব্লিউ) ম্যাশেবল কিনে নেওয়ার ঘোষণা দিতে পারে সিএনএন বলেও জানা গেছে। আর এ বিষয়ে সিএনএন এবং ম্যাশেবলের মধ্যেও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরও হবে খুব শিগগির।২০০৫ সালের জুলাই মাসে পিট ক্যাশমোর ম্যাশেবল নামের ব্লগসাইটটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রযুক্তির নানা খবর নিয়ে ব্লগাররা লিখে থাকেন এ ব্লগে। বর্তমানে সাইটটি প্রতি মাসে প্রায় দুই কোটিবার দেখা হয়। গত মাসে তিন কোটি চার লাখবার দেখা হয়েছে! নিয়মিত নানা প্রযুক্তির খবর, উদ্ভাবনের খবরের পাশাপাশি ম্যাশএবলের নিয়মিত টুইটার অনুসরণকারীর সংখ্যা ২৭ লাখ! বিশেষজ্ঞদের মতে, ম্যাশএবলকে কেনার এ উদ্যোগের ফলে সিএনএন নতুন এক ডিজিটাল গণমাধ্যম শিল্পের প্রতিনিধিত্ব করবে, যা তাদের অনেক দিনের সংবাদ প্রচারের কার্যক্রমে ভিন্ন মাত্রা যোগ করবে। তবে একসঙ্গে যুক্ত হওয়ার এর আগের বেশ কিছু প্রতিষ্ঠান তেমন উল্লেখযোগ্যভাবে এগিয়ে যেতে পারেনি বলে শঙ্কার কথাও জানিয়েছেন অনেকেই। এর আগে ২০০০ সালে মিডিয়া প্রতিষ্ঠান টাইম ওয়ার্নার এওএলের সঙ্গে একসঙ্গে কাজ শুরু করলেও ২০০৯ সালে তারা আবার আলাদা হয়ে যায়। তবে সিএনএন ম্যাশএবলের তরুণ পাঠকদের ধরে রাখতে চাইলে নতুনভাবে পুরো পরিবর্তন না করে এগিয়ে যেতে পারলে দারুণ সাড়া পাবে—এমনই মনে করছেন প্রযুক্তি ব্লগাররা।—দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম