ময়মনসিংহে কারিগরি শিক্ষার সেমিনার
‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানুষের মাধ্যমেই একটি মধ্যম আয়ের দেশে বাংলাদেশকে রূপান্তরিত করা যাবে। এ লক্ষ্যে কর্মমুখী শিক্ষার আরও বেশি প্রচার ও প্রসার ঘটাতে হবে। তাই ডিজিটাল বাংলাদেশ ও ভিশন-২০১০ বাস্তবায়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। একটি মধ্যম আয়ের দেশে কমপক্ষে ৩০ শতাংশ কারিগরি শিক্ষায় শিক্ষিত লোকের প্রয়োজন। অথচ বাংলাদেশে মোট দুই শতাংশ লোক কারিগরি শিক্ষায় শিক্ষিত। দেশে-বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা রয়েছে।’ ময়মনসিংহ মহাবিদ্যালয়ে সম্প্রতি কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি আয়োজিত ‘জাতীয় জীবনে কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে বক্তরা এসব কথা বলেন। কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া। সেমিনারে বক্তব্য দেন কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. আবদুল হক তালুকদার, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ) সফি উদ্দিন আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক হুসনুল মাহমুদ খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক সুজন কুমার সরকার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অনেকে। —মো. কামরুজ্জামান, ময়মনসিংহ