ময়মনসিংহে চলছে ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ময়মনসিংহ শাখার উদ্যোগে ময়মনসিংহে শুরু হয়েছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো ময়মনসিংহ ২০১২’ নামের ডিজিটাল মেলা। ‘ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি’ স্লোগান নিয়ে পাঁচ দিনের এ মেলা চলছে ময়মনসিংহের জিমনেসিয়ামে। গত বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মতিউর রহমান। এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার প্রদর্শনীর মাধ্যমে এখানকার সর্বস্তরের জনগণ প্রযুক্তির ব্যবহার ও কর্মপ্রক্রিয়ার সঙ্গে নিজেদের যুক্ত করবে। এ ধরনের আয়োজন সরকারের ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণে ময়মনসিংহবাসীকে এগিয়ে নিয়ে যাবে এবং এ অঞ্চলে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসারও হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, বিসিএসের সভাপতি মো. ফয়েজউল্যাহ খান, সহসভাপতি মো. মইনুল ইসলাম, পরিচালক মোস্তাফা জব্বার, বিসিএস ময়মনসিংহ শাখার সভাপতি সাওকাত হোসেন, মেলার আহ্বায়ক জয় প্রকাশ মণ্ডলসহ অনেকে। বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম যেন কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে দেশের জন্য কাজ করতে পারে, সে সুযোগ তৈরি করে দিতে হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এতে ৩৫টি প্রতিষ্ঠানের ৪১টি স্টল রয়েছে। এসব স্টলে তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। ৮ এপ্রিল মেলায় আউটসোর্সিং নিয়ে একটি সেমিনার হবে। এ মেলা আয়োজনে সহযোগিতা করছে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) ও ময়মনসিংহ জেলা প্রশাসন। মেলার প্রধান পৃষ্ঠপোষক ফুজিৎসু, লজিটেক, নরটন এবং ডেল। এ ছাড়া আরও পৃষ্ঠপোষক হিসেবে আছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, সেইফ আইটি সার্ভিসেস, ইউনাইটেড কম্পিউটার সেন্টার, আসুস, বিজনেস লিংক কম্পিউটার্স, কম্পিউটার সলিউশনস ইত্যাদি। —মো. কামরুজ্জামান, ময়মনসিংহ