ময়মনসিংহে ফ্রিল্যান্সারদের সম্মেলন
ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্সারদের সম্মেলন। গত বৃহস্পতিবার ময়মনসিংহ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে ময়মনসিংহ ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার সাত শতাধিক ফ্রিল্যান্সার অংশ নেয়। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলো বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ, আনন্দ মোহন সরকারি কলেজের শিক্ষক আফজালুর রহমানসহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত সম্মেলনে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত ও আগ্রহীদের মুক্ত সফটওয়্যার কার্যক্রমের প্রতি আগ্রহী করাসহ ফ্রিল্যান্সিংয়ের অবস্থা সম্পর্কে আলোচনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান। এ পর্বে বক্তব্য দেন ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইদুর মামুন খান, বেসিসের সেরা ফ্রিল্যান্সার পুরস্কারপ্রাপ্ত এনায়েত হোসেন, শাওন ভূঁইয়াসহ অনেকে। অনুুষ্ঠানে গত বছর বিডিওএসএন আয়োজিত ফ্রিল্যান্সিং-বিষয়ক সেমিনার থেকে উদ্বুদ্ধ হয়ে ফ্রিল্যান্সার হয়ে ওঠা মো. আমান উল্লাহ, মো. শিহাব রহমান, আনিসুর রহমান, সাব্বির আহমেদ ও মো. মনসুর হোসাইন বক্তব্য দেন। এতে তাঁরা নিজেদের বর্তমান ফ্রিল্যান্সার হয়ে ওঠাসহ নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। —ময়মনসিংহ প্রতিনিধি