ময়মনসিংহে বাংলালিংকের থ্রি জি নেটওয়ার্ক সম্প্রসারণ

ময়মনসিংহে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে টেলিকম অপারেটর বাংলালিংক। আজ সেখানে এক সংবাদ সম্মেলনে এই থ্রিজি নেটওয়ার্ক সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলালিংক কর্তৃপক্ষ।
থ্রিজি চালুর ঘোষণা দেওয়ার আয়োজনে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু । বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শিহাব আহমাদ, আঞ্চলিক প্রধান আসিফুজ্জামানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।
বাংলালিংক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ময়মনসিংহ শহরে বাণিজ্যিকভাবে থ্রিজি সুবিধা চালু হওয়ায় উচ্চ গতিসম্পন্ন ডাটা কানেক্টিভিটির সুবিধার ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এখানকার মানুষ। বাংলালিংকের থ্রিজি সেবা গ্রহণকারী একজন গ্রাহক ভিডিও কলও করতে পারবেন।
এ ছাড়াও গ্রাহকদের জন্য লোকাল রেডিও অ্যাপস, অডিও স্ট্রিমিং ও ভিডিও স্ট্রিমিং সার্ভিস এবং আরো কিছু প্রয়োজনীয় মোবাইল পোর্টালসহ থ্রিজি উপযোগী নানা কনটেন্ট সেবা নিয়ে এসেছে বাংলালিংক।
বর্তমানে বাংলালিংকের প্রায় দুই কোটি ৯০ লাখের মতো গ্রাহক রয়েছে। প্রসঙ্গত, বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।
গত ১০ অক্টোবর বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজি চালুর পর থেকে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে থ্রিজি চালু করেছে।