ময়মনসিংহে বিজ্ঞান কর্মশালা
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ে ২০ মে দিনব্যাপী বিজ্ঞানবিষয়ক কর্মশালার আয়োজন করে ময়মনসিংহ প্যারালাল ম্যাথ স্কুল ও বায়োলজি স্কুল। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করেন অনুসন্ধিৎসু চক্রের সদস্য নিয়াজুল ইসলাম ও তারিফ রশীদ। বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিজ্ঞান বিভাগের প্রধান বিধান রঞ্জন রায় পোদ্দার ও চিকিৎসক সৌমিত্র চক্রবর্তী। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের উপস্থিতি সবার মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে। তিনি উপস্থিত সব বিজ্ঞানপ্রেমিকের উদ্দেশে পদার্থবিজ্ঞানের পাশাপাশি জীববিজ্ঞানেও আগ্রহ প্রকাশের আহ্বান জানান। কর্মশালাটি ছিল সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। ছিল প্যারালাল ম্যাথ স্কুল ও বায়োলজি স্কুলের সদস্যদের অংশগ্রহণ। ভৌতবিজ্ঞান অংশে বিখ্যাত বিজ্ঞানীদের জীবনের আদর্শে বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার কথা বলা হয়। জীববিজ্ঞান কর্মশালায় শিক্ষার্থীরা মনোবিজ্ঞানের নানা প্রশ্নের উত্তর জেনে নেন উপস্থিত অতিথিদের কাছ থেকে।নাফিস তিহামী