যক্ষ্মা নির্ণয়ে নতুন পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরণব্যাধি যক্ষ্মার উপস্থিতি দ্রুত নির্ণয়ের জন্য তাইওয়ানের বিজ্ঞানী সাং-তিং সাই ও তাঁর সহকর্মীরা নতুন ও সহজ একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। কাগজ ও রংভিত্তিক এই পদ্ধতিতে ব্যবহার করা হবে সোনার অতিক্ষুদ্র কণিকা (ন্যানোপার্টিক্যাল)। যক্ষ্মা রোগটির জন্য দায়ী মাইকোব্যাকটেরিয়ার ডিএনএ বিন্যাসক্রম মুহূর্তেই শনাক্ত করা সম্ভব হবে। এ জন্য রোগীর শরীর থেকে এই ডিএনএ সংগ্রহ করা হবে। বর্তমানে প্রচলিত পদ্ধতিতে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলিওসিস ব্যাসিলাসের কালচার করার মাধ্যমে যক্ষ্মা নির্ণয় করা হয়। এই কালচারের বৃদ্ধিতে তিন থেকে ছয় সপ্তাহ লেগে যায়। তুলনামূলক দ্রুত তরল কালচারেও নয় থেকে ১৬ দিন লাগে। আর এই প্রক্রিয়ায় খরচও হয় বেশি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব অ্যাডভান্সড ম্যাটেরিয়াল সাময়িকীতে এ গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে। পিটিআই।