যখন তাঁরা সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কজন শিক্ষার্থী
ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কজন শিক্ষার্থী

২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি হয়ে উঠেছিল মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা। সঙ্গে ছিলেন তাঁদের গর্বিত অভিভাবকেরাও। ডিনস সম্মাননাপ্রাপ্তির অনুষ্ঠানে মাস্টার্স পর্বের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস ও অনার্স পর্বের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন সঞ্জীব কুমার দে। তাঁরা তাঁদের বক্তব্যে দায়িত্ববোধকে সমুন্নত রেখে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।
‘ডিনস অ্যাওয়ার্ড’ হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের ডিন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ মেধাভিত্তিক পুরস্কার। সাধারণত নিজ নিজ বিভাগে যাঁরা খুব ভালো ফল করেন, তাঁরাই পুরস্কারটি পান। ২০১১ ও ২০১২ সালে অনুষ্ঠিত পরীক্ষায় ভালো ফল করায়, কলা অনুষদের ১৬টি বিভাগ থেকে দুটি অনার্স ও দুটি মাস্টার্স-এই চারটি ব্যাচের মোট ৮৬ জন শিক্ষার্থীর হাতে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। এঁদের মধ্যে মোট আটজন সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়েছেন। তাঁদের অন্তভুর্ক্ত করা হয় ‘ডিনস মেরিট লিস্ট অব এক্সিলেন্স’-এ। এ বছর সংগীত বিভাগ থেকে মেহফুজ আল ফাহাদ ও রুকসানা করিম, আরবি বিভাগ থেকে মোহাম্মদ জুনায়েদ, খন্দকার নুরুল ইকা উম্মে হানি, সুমাইয়া তাসনিম, ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে আসরাফুদ্দিন আহমেদ, সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ এ বিভাগে পুরস্কৃত হয়েছেন।
৪৩ জন পেয়েছেন সিজিপিএ ৩.৮৫ থেকে ৩.৯৯, তাঁরা ‘ডিনস মেরিট লিস্ট অব অনার’-এর অন্তভুর্ক্ত। আর বাকিরা পেয়েছেন ৩.৬০ থেকে ৩.৮৪। তাঁরা ‘ডিনস মেরিট লিস্ট অব অ্যাকাডেমিক রিকগনিশন’-এর অন্তভুর্ক্ত।
উর্দু বিভাগ থেকে ২০১১ সালে ৩.৯২ নিয়ে অনার্স এবং ২০১২ সালে ৩.৯১ নিয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন জান্নাতুল ফেরদৌস ৷ তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার পরিবার, আমার শিক্ষকেরা আর বন্ধুদের কাছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছরের জীবনে আমি শিখেছি শুধু সাফল্য কিংবা লক্ষ্য পূরণের মানেই অর্জন নয়, সব ধরনের পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারাই বিশ্ববিদ্যালয় জীবনে আমার সবচেয়ে বড় শিক্ষা৷ আমি বিশ্বাস করি, ইচ্ছা শক্তিকে বলীয়ান, কঠোর পরিশ্রম আর দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করলে সাফল্য আসবেই।’
নটর ডেম কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পাস করে ঘ-ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন বাংলায়। শুরু থেকেই ভালো ফল করতে চেষ্টার ত্রুটি রাখলেন না উন্মেষ৷ এরই ধারাবাহিকতায় অনার্সে সিজিপিএ ৩.৬৫ পেয়ে প্রথম বিভাগে প্রথম হয়ে উন্মেষ এবার সাফল্যের স্বাক্ষর রেখেছেন, পেয়েছেন ‘ডিনস অ্যাওয়ার্ড’। ভীষণ উচ্ছ্বসিত উন্মেষ তাঁর গর্বিত বাবার পাশে বসে জানালেন, ‘এখন শুধুই সামনে এগিয়ে যেতে চাই। ইচ্ছা আছে বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চতর শিক্ষা নেওয়ার। আর সুযোগ পেলে এই বিভাগেই শিক্ষকতা করতে চাই।’ একই বিভাগ থেকে ২০১১ সালের অনার্স পরীক্ষায় ভালো ফলের জন্য এই পুরস্কার পেয়েছেন নটর ডেম কলেজের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে একই কলেজের শিক্ষক রাফাত আলম। তিনি বলেন, ‘ডিনস অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কার পেয়ে আমি আনন্দিত। আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার।’ এদিকে হামিদুর রহমান ও শান্তা পত্রনবীশের হাতে দেখা গেল দুটি করে পদক। কারণ, তাঁরা ২০১১ সালের অনার্স এবং ২০১২ সালের মাস্টার্স পরীক্ষার উভয়টিতেই যথাক্রমে দর্শন ও ইতিহাস বিভাগ থেকে দুবার দুটি করে ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছেন। শান্তারও ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। আর হিমাদ্রী দেবনাথ অ্যাওয়ার্ড পেয়েছেন সংস্কৃত বিভাগ থেকে, মাস্টার্সে। তিনি নিজ কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে ভার্সিটির নাম উজ্জ্বল করতে চান।
অনুষ্ঠান শেষে বাঁধভাঙা উল্লাসে মেতে ফেরার পথে এঁরা সবাই যখন মা-বাবা ও বন্ধুদের সঙ্গে ছবি তুলছিলেন, তখন একেকটি ছবির ফ্রেমে যেন রচিত হচ্ছিল একেকটি সাফল্যের গল্প, সেরাদের সেরা গল্প।