যখন ফেসবুক নেই

সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ফেসবুক বন্ধ। একজন ‘খাঁটি’ ফেসবুকার হিসেবে আপনি এ কটা দিন ঠিক কী কী করেছেন বা ভেবেছেন? দেখুন তো মেলে কি না?
* আপনার অনেকবারই মনে হয়েছে, ফেসবুক যে বন্ধ, এটা নিয়ে ফেসবুকে ঢুকে একটা স্ট্যাটাস দেবেন!
* কিছুক্ষণ পরপরই আপনি ফেসবুকে ঢোকার চেষ্টা করেছেন। কারণ, আপনার মনে হয়েছে যে এরই মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে!
* আপনার মনে হয়েছে যে কেবল আপনিই ফেসবুক চালাতে পারছেন না, বাকিরা ঠিকই কোনো না কোনোভাবে চালাচ্ছে! কল্পনায় আপনি তাদের ফেসবুক চালানো দেখেছেনও!
* এ কটা দিন আপনার নিজেকে অন্যদের চেয়ে আলাদা মনে হয়েছে। কারণ, আপনি ফেসবুক চালান না!
* দিনের মধ্যে বেশ কবারই আপনি একে-ওকে জিজ্ঞেস করেছেন যে কত দিন ফেসবুক বন্ধ থাকবে। মনের ভুলে কখনো আপনার এটাও মনে হয়েছে যে একবার ফেসবুকে ঢুকে কারও কাছ থেকে জেনে নেবেন!
* হাত, পা, চোখ, কান, নাক, মুখ—সব থাকা সত্ত্বেও এ কটা দিন আপনার মনে হয়েছে, ‘কী যেন একটা নেই, কী যেন একটা নেই!’
* চরম একাকিত্বে ভুগেছেন আপনি! হঠাৎ হঠাৎ আপনার মনে হয়েছে যে আপনি খুব একা!
* যদিও ফেসবুক বন্ধ ছিল, কিন্তু অন্তত একবার হলেও এ কটা দিনে কয়টা নোটিফিকেশন, মেসেজ কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে পারে, আপনি সেই হিসাব করেছেন!
* ফেসবুক বন্ধ হওয়ায় অন্যরা কী ভাবছে বা কী করছে, আপনি সেটাও ভেবেছেন!