যখন মেনে নেওয়া হলো সব দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

পরীক্ষা চলছে। মোজাম্মেল একটা অঙ্কে এসে আটকে গেছে। অঙ্ক কমন পড়ছে কিন্তু সূত্র মনে নেই। তাতেও চিন্তার কিছু নেই। কারণ, সূত্র সে ক্যালকুলেটরের কভারে লিখে এনেছে। মোজাম্মেলের নকল করার অভ্যাস নেই। কিন্তু আজকের পরীক্ষায় পাস করতে চাইলে এর বিকল্পও নেই! মোজাম্মেল ক্যালকুলেটরের কভার খুলে সূত্র দেখে খাতায় লিখে ফেলল। আর এমনই কপাল, সে যে দেখে লিখেছে, সেটা এক স্যার দেখে ফেলেছেন। মোজাম্মেলের খাতা নেওয়া হলো, প্রমাণ হিসেবে জব্দ করা হলো ক্যালকুলেটরটি। পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ছোট একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে জানাল, মোজাম্মেল এক বছরের জন্য বহিষ্কৃত!
এক বছরের জন্য বহিষ্কার হওয়ার পর থেকেই মোজাম্মেলকে পেয়ে বসল পরীক্ষাভীতি। একটা বছর শুয়ে-বসে সে শুধু চিন্তা করল, পরীক্ষায় ছোটখাটো নকল করার চেয়ে যদি উত্তরপত্র থেকেই লিখতে দিত, তাহলে কী এমন ক্ষতি হতো! মোজাম্মেল ইন্টারনেটে ওপেন বুক এক্সাম লিখে সার্চ দিল। জানতে পারল, বিশ্বের নানা দেশে বই দেখে পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে। মোজাম্মেল তথ্যগুলো দেখিয়ে আর জ্বালাময়ী বক্তব্য দিয়ে বেশ কিছু বন্ধুকে ম্যানেজ করে নতুন একটা আন্দোলনের ডাক দিল। আন্দোলনের নাম ‘আন্দোলন ওপেন বুক এক্সাম’।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, চায়ের দোকানে এবং আড্ডায় বক্তব্য দিয়ে দিয়ে সে ওপেন বুক এক্সামের প্রয়োজনীয়তা এবং উপকারিতা তুলে ধরতে লাগল। এই ব্যবস্থায় ছাত্রদের যে কোনো মানসিক কষ্ট থাকবে না, এ ব্যাপারে সবাই একমত। ফলে ক্যাম্পাসে শুরু হলো জোর আন্দোলন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুচকি হেসে ওদের আন্দোলনের দাবি মেনে নিল!
ওপেন বুক এক্সাম সিস্টেম চালু হয়েছে, কিন্তু মোজাম্মেলদের কোনো উন্নতি হয়নি। পরীক্ষার হলে সেই একই কষ্ট। প্রশ্ন দেখো, বই ঘেঁটে উত্তর বের করো, তারপর আবার দেখে দেখে লেখো। এত সময় কই? সময় বাঁচাতে মোজাম্মেল এবার নতুন পদ্ধতি অবলম্বন করল। সে খাতায় লিখল ১ নম্বর প্রশ্নের উত্তর, তারপর সেটা আন্ডারলাইন করল এবং বই থেকে উত্তর বের করে পৃষ্ঠা ছিঁড়ে ১ নম্বর প্রশ্নের উত্তরের নিচে আঠা দিয়ে লাগিয়ে দিল। যথারীতি পরীক্ষার ফল বের হলো এবং নকলের অভিযোগে এবারও মোজাম্মেলের পাস গেল আটকে!
আবারও শুয়ে-বসে মোজাম্মেল পাস করার নিত্যনতুন আইডিয়া নিয়ে ভাবতে লাগল। আচ্ছা, কেমন হবে যদি পরীক্ষা-ব্যবস্থাই না থাকে! ছাত্ররা পড়বে, জানার জন্য শিখবে, বছর শেষে সার্টিফিকেট নিয়ে বের হবে। পাস-ফেলের কোনো সিস্টেম নেই। আর যেহেতু পাস-ফেল নেই, সেহেতু ছাত্রদের মানসিক এবং শারীরিক কষ্ট বলেও কিছু থাকবে না। সবাই জ্ঞানার্জনের জন্য পড়াশোনা করবে। আইডিয়াটা মোজাম্মেলের মনে ধরল এবং তার জ্বালাময়ী ভাষণে মুগ্ধ হয়ে বাকিদের মনেও ধরল। তারা আবার ঝাঁপিয়ে পড়ল নতুন আন্দোলনের কর্মসূচি নিয়ে। কর্তৃপক্ষ এবারও মুচকি হেসে মোজাম্মেলদের দাবি মেনে নিল!
মোজাম্মেলদের দাবি মেনে নেওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেছে। প্রথম প্রথম বেশ ভালোই কেটেছিল। সারা দিন শুয়ে থাকা, ফেসবুক চালানো, ক্ল্যাশ অব ক্ল্যানস খেলা, সন্ধ্যায় টিউশনি করানো, রাতে এসে সিনেমা দেখা এবং ফেসবুকে ‘জীবন হয় সুন্দর, লাইফ ইজ বিউটিফুল’-মার্কা স্ট্যাটাস দেওয়া।
সারা দিন কোনো কাজ নেই, পড়াশোনা নেই, পরীক্ষায় পাস-ফেলের চাপ নেই, জীবনে কোনো চ্যালেঞ্জ নেই। হলের পাতলা ডালের মতো এ রকম জীবনযাপনে সবাই বিরক্ত। মোজাম্মেল নিজেও বুঝতে পারল, এমন জীবনে সে সুখী নয়। যে জীবনে সেমিস্টার ফাইনাল নেই, পাস-ফেলের উত্তেজনা নেই, শুয়ে-বসে সিনেমা দেখা ছাড়া কোনো কাজ নেই, সে জীবনের কোনো দাম নেই।
অতঃপর এক সুন্দর রোদ-ঝলমলে দিনে মোজাম্মেলরা আবারও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হতে লাগল। ‘পরীক্ষা-ব্যবস্থা ফিরিয়ে দাও, দিতে হবে’, ‘আমাদের জীবনে আনন্দ ফিরিয়ে দাও’ শীর্ষক স্লোগানে তারা ক্যাম্পাস মাতিয়ে তুলল। কর্তৃপক্ষ এবার আর মুচকি হাসল না, তবে মোজাম্মেলদের দাবি মেনে নিল। সেই যে পড়াশোনায় পরীক্ষা-ব্যবস্থা স্থায়ী হলো, তারপর থেকে আর কেউ পরীক্ষা-ব্যবস্থা বাতিলের জন্য আন্দোলন করেনি!