যন্ত্র দিয়ে সত্য যাচাই
প্রাচীন চীনে প্রচলিত বিশ্বাস ছিল, মুখে চাল নিয়ে মিথ্যা বললেই মুখে রক্ত উঠবে! তাই সন্দেহভাজনদের চালপড়া খাওয়ানো হতো। এভাবে সত্য যাচাইয়ের দিন অনেক আগেই শেষ হয়েছে। এখন যন্ত্র বলে দেবে কেউ সত্য না মিথ্যা বলছে। মিথ্যা শনাক্তকরণ এ যন্ত্রটি হচ্ছে লাই-ডিটেক্টর।এত দিন কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাই-ডিটেক্টর যন্ত্র ব্যবহার করতেন। সম্প্রতি বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভারতে ব্যক্তিমালিকানাধীন অনেক প্রতিষ্ঠানে মিথ্যা কথা বলা শনাক্তকরণযন্ত্র বা লাই-ডিটেক্টরের ব্যবহার বাড়ছে। স্বামী-স্ত্রীর মধ্যে চাতুরি ধরতে বা সন্দেহভাজনরা মিথ্যা কথা বলছে কি না, তা পরীক্ষা করতে এসব প্রতিষ্ঠানে বাড়ছে ভিড়। এই পদ্ধতির নাম ‘পলিগ্রাফ টেস্ট’। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে পলিগ্রাফ টেস্ট বেড়ে যাওয়ায় অনেকে এটিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা বলে সমালোচনাও করছেন।ভারতের হেলিক অ্যাডভাইজরি নামের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে মিথ্যা শনাক্তকারী প্রযুক্তিবিদ হিসেবে কাজ করেন দীপ্তি পুরানায়েক। দীপ্তি বলেন, প্রতি সপ্তাহে বেশ কয়েকবার তাঁকে মিথ্যা শনাক্তকরণযন্ত্র ব্যবহার করতে হয়। অনেকেই পুলিশের কাছে না গিয়ে ব্যক্তিগতভাবে সত্য-মিথ্যা পরীক্ষার জন্য তাঁর প্রতিষ্ঠানে আসেন।দীপ্তি পুরানায়েক বলেন, এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে মিথ্যা বলার প্রচলন আছে কি না বা চুরি করার পর সন্দেহভাজন মিথ্যা বলছে কি না, লাই-ডিরেক্টর ব্যবহার করে তা শনাক্ত করা হয়। এ ছাড়া কোনো প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগের আগে তার সত্যতা যাচাই করতে পলিগ্রাফ টেস্ট করিয়ে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে খরচ পড়ে ১৫০ থেকে ৩০০ ডলার।হেলিক নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রুকমনি কৃষ্ণমূর্তি বলেন, মিথ্যা বলা শনাক্ত করতে পুলিশের কাছে গেলে সময় বেশি লাগে। এ ঘটনা প্রকাশ হওয়ারও আশঙ্কা থাকে। তাই পুলিশের কাছে না গিয়ে ব্যক্তিগতভাবে লাই-ডিটেক্টর দিয়ে সত্য-মিথ্যা যাচাই করিয়ে নিতে হেলিকে আসছেন অনেকে। এমন ঘটনা বাড়ছে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে সন্দেহভাজনের অনুমতি নেওয়া হয় এবং তাঁর প্রাথমিক সাক্ষাত্কার নেওয়ার কথা জানিয়েছেন রুকমনি। লাই-ডিটেক্টর যন্ত্রের ফলাফল ৮০ শতাংশ সঠিক হয় বলে তাঁর দাবি।পলিগ্রাফ পরীক্ষা মূলত এক ধরনের মানসিক পরীক্ষা। এতে পরীক্ষাদাতার রক্তচাপ, ঘাম ও শ্বাস নেওয়ার মতো বিষয়গুলো পরিমাপ করে ফল নির্ধারণ করা হয়। ১৯১৭ সালে মিথ্যা শনাক্তকারী পদ্ধতিটির উদ্ভাবন করেন মার্কিন গবেষক উইলিয়াম মার্সটন।