যন্ত্র বানানোর আসরে প্রথম হলো ই-ব্রেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক–আ–থনে নিজের তৈরি ​ড্রোনের বর্ণনা দিচ্ছেন এক প্রতিযোগী
মেক–আ–থনে নিজের তৈরি ​ড্রোনের বর্ণনা দিচ্ছেন এক প্রতিযোগী

মানুষ মানুষের জন্য—কথাটা মাথায় রেখে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ই-ব্রেইল পদ্ধতি তৈরি করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোনায়েত হাসান, সামিউল হক ও সাইফুর রহমান। ই-ব্রেইল হাতে পরার একধরনের প্রযুক্তি, যেটি স্মার্টফোনের সঙ্গে তারহীন ব্লুটুথ দিয়ে যুক্ত হয়ে স্মার্টফোনের পর্দায় থাকা যেকোনো লেখা পড়তে সাহায্য করবে। আর এই উদ্ভাবন জিতে নিল যন্ত্র তৈরির প্রতিযোগিতা মেক-আ-থনের প্রথম পুরস্কার।
বেসিস ও বেটার স্টোরিজের আয়োজনে ১৮ থেকে ২০ নভেম্বর রাজধানীর ইএমকে সেন্টারে চলে এ প্রতিযোগিতা। শেষ দিন ছিল বিচারকদের প্রকল্পের উপস্থাপন। এর পরই করা হয় ফলাফল ঘোষণা। প্রতিযোগিতায় শেষ ১৩টি দল প্রকল্পে কাজ শেষ করে সেগুলো উপস্থাপন করে।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌযন্ত্রকৌশল বিভাগের সাদমান সাকিব, রাকিবুল হক ও আবুল কালাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইশাত বিনতে কামালের দল ‘ইনটুগ্রাভিটি’। দেশের প্রত্যন্ত অঞ্চলে দক্ষ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর অভাববোধ থেকেই তাঁরা টেলি মেডিসিন যন্ত্র তৈরি করেছেন বলে জানালেন।

বাইসাইকেল চুরির চেষ্টা হলেই সেটিতে থাকা বিশেষ একটি যন্ত্র সাইকেলের মালিকের স্মার্টফোন বিশেষ সংকেত পাঠাবে। এ উদ্ভাবনের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছে ‘বুয়েট ক্ষ্যাপা’ দল। এ দলের সদস্যরা হলেন তানভীর, রাচি, রুশো, নিবিড় ও আদনান। পুরস্কার হিসেবে তিনটি দলই আগামী জানুয়ারিতে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মেকারফেস্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পাশাপাশি তিন বিজয়ী দল পেয়েছে নগদ অর্থ ও অনলাইন দোকান টেকশপবিডিতে যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে বিশেষ ছাড়।