যন্ত্রপাতি নেই চট্টগ্রামের পাঁচ কৃষি তথ্যকেন্দ্রে
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) পরিচালিত চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি নতুন কৃষি তথ্য ও যোগাযোগকেন্দ্রে এখনো কোনো যন্ত্রপাতি পৌঁছেনি। এসব কেন্দ্রের মাধ্যমে চাষিদের ফসলের পোকা দমন, কীটনাশক ও সারের সঠিক ব্যবহার, সবজি, ফলফলারির উৎপাদন বাড়ানোর কৌশল সম্পর্কে ভিডিওচিত্র ও অডিও প্রযুক্তির মাধ্যমে ধারণা দেওয়া হয়। আর এ জন্য প্রতিটি কেন্দ্রের জন্য একটি করে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, জেনারেটর, ইন্টারনেট সংযোগ, মুঠোফোন প্রভৃতি যন্ত্রপাতি বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু প্রতিষ্ঠান চালুর পাঁচ মাস পরও কোনো যন্ত্রপাতি সরবরাহ না করায় এসব তথ্যকেন্দ্র চাষিদের তেমন কাজে আসছে না বলে জানা গেছে। এ ব্যাপারে কৃষি তথ্য সার্ভিসের চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক অঞ্জন কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘ঈদের পর আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সরকারের কাছ থেকে এসব প্রযুক্তি যন্ত্রপাতি আমরা পেয়ে যাব। এর পরই এগুলো পাঁচটি কৃষি তথ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব হবে আশা করছি।’এআইএস সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় চট্টগ্রাম অঞ্চলে সাতটি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র রয়েছে। এর মধ্যে আগে থেকেই চালু রয়েছে রাউজানের নেওয়াজেশপুর এবং চকরিয়ার দক্ষিণ লক্ষ্যারচর কেন্দ্র দুটি। এ বছরের এপ্রিল মাসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ফেনীর সোনাগাজী, মিরসরাইয়ের দক্ষিণ তালাশিয়া, উখিয়ার রাজাপালং ও পটিয়ার শাহমীরপুরে পাঁচটি নতুন কৃষি তথ্য ও যোগাযোগকেন্দ্র গড়ে তোলা হয়। জানা যায়, এসব তথ্যকেন্দ্র মূলত চাষিদের ক্লাব বা সংগঠন হিসেবেই পরিচিত। তারাই এটি পরিচালনা করে। বাজারের মধ্যে একটি পাকা ঘর ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য বেছে নেওয়ার পর এআইএস সেখানে প্রয়োজনীয় বইপত্র ও প্রযুক্তি-সুবিধা দিয়ে থাকে। এলাকার চাষিদের সংগঠিত করে তাদের মধ্য থেকে ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এখানে নিয়মিতভাবে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি কৃষি প্রযুক্তিবিষয়ক ছবি, ভ্রাম্যমাণ চলচ্চিত্র, বিভিন্ন সময়ে টেলিভিশন চ্যানেল ও বেতারের ধারণ করা অনুষ্ঠানের অংশবিশেষ তুলে ধরা হয়। কৃষক সমাবেশের আয়োজন করা হয়। এ ছাড়া কৃষক ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কৃষিবিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারেন। এমনকি মুঠোফোনের সংক্ষিপ্ত বার্তার মাধ্যমেও পেতে পারেন নানা পরামর্শ। কিন্তু নতুন এই পাঁচটি কেন্দ্রে এখনো কোনো যন্ত্রপাতি না পেয়ে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। প্রতিষ্ঠার তিন মাস পর গত ২৪ থেকে ২৬ জুলাই ঢাকার খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিসের প্রশিক্ষণ মিলনায়তনে কৃষকদের নির্বাচিত প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়। অথচ এসব তথ্যকেন্দ্রের কৃষকের হাতে কোনো যন্ত্রপাতিই পৌঁছায়নি। প্রসঙ্গত, ২০০৮-২০০৯ অর্থবছরে কৃষি তথ্য সার্ভিসের এ প্রকল্প চালু হয়। এর মেয়াদ শেষ হবে আগামী ২০১২-১৩ অর্থ বছরের জুন মাসে।—নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস