যন্ত্রমানব উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্যাব আয়োজিত রোবটিকস উত্সবে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা
ইস্যাব আয়োজিত রোবটিকস উত্সবে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা

চ্যাম্পিয়ন দলটি পাবে ভারতের কানপুরের আইআইটিতে অনুষ্ঠেয় ‘টেকক্রিতি’১৪-এ অংশগ্রহণের সুযোগ। ‘ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ইস্যাব)-এর উদ্যোগে আয়োজিত ‘জাতীয় রোবটিকস উৎসবে ‘আইএআরসি বাংলাদেশ রাউন্ডে’ চ্যাম্পিয়ন হয়ে সে সুযোগ করে নেয় ‘বুয়েট এক্সপনেনশিয়াল’। ৬ মার্চ থেকে শুরু হওয়া আইআইটি ‘টেকক্রিতি’-তে অংশ নিতে বুয়েট দলটি এখন রয়েছে কানপুরে। এই দলের সদস্যরা হলেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের খালেদ বিন মহিউদ্দিন ও আবুল আল আরাবি।
এ বিভাগে রানারআপ হয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) টিম ‘টাইমআউট’। এই গ্রুপের সদস্যরা হলেন রূপায়ণ হালদার, পলাশ মণ্ডল, মুসলিমউদ্দিন ও রূপক কুমার সাহা।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বুয়েটের দলের দুই সদস্য। চ্যাম্পিয়ন দলের দলনেতা খালেদ বিন মহিউদ্দিন জানান, ‘গতবার উৎসবে তৃতীয় হওয়ার পর থেকেই রোবটিকস নিয়ে জোরেশোরে কাজ করি। তারই ফল পেলাম আজ। আইআইটিতে সর্বোচ্চ ভালো করার চেষ্টা থাকবে।’
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা ‘ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ইস্যাব)-এর উদ্যোগে ঠিক এক মাস আগে ৭ ফেব্রুয়ারি শেষ হয় ‘কিউ-ক্যাশ জাতীয় রোবটিকস উৎসব ২০১৪’। রোবটিকসকে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় করে তোলার অভিপ্রায়ে আয়োজিত এই উৎসবে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের ১৪০টি দলের ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের বানানো রোবটগুলোর পদচারণে মুখর হয়ে ওঠে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের ইনডোর স্টেডিয়াম। জাতীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চারটি ভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত হয় এই উৎসব, যেখানে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর ছয়জন শিক্ষকের সমন্বয়ে গঠিত জুরিবোর্ড বিচারকের ভূমিকা পালন করেন। উৎসবে বুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, চুয়েট, শাবিপ্রবি, আইইউটি, এমআইএসটি, এআইইউবি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ ঢাকার নামকরা স্কুল-কলেজের বেশ কিছু দল অংশগ্রহণ করে।
স্কুল-কলেজের তরুণ প্রজন্মকে রোবটিকসের প্রতি উৎসাহিত করার জন্য ছিল ‘এক্সপ্লোরিং দ্য ড্রিমস।’ এই বিভাগে চ্যাম্পিয়ন রাজউক উত্তরা মডেল কলেজের ‘ইমাজিন ড্রাগন’ টিম, প্রথম রানারআপ রাইফেলস পাবলিক কলেজের ‘স্বপ্নচারী’ ও দ্বিতীয় রানারআপ ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সঞ্জীবন’।
অন্যদিকে ‘ব্যাটল অব স্পিড’ বিভাগের শীর্ষ তিনটি দলের মর্যাদা লাভ করে বুয়েট। চ্যাম্পিয়ন হয়েছে ‘বুয়েট এক্সপনেনশিয়াল’, প্রথম রানারআপ ‘বুয়েট বার্গারস’ ও দ্বিতীয় রানারআপ ‘বুয়েট পেগাসাস’।
এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ের জন্য বরাদ্দ বিভাগ ‘রোবটস গট ফ্রিডম’-এ চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল ‘দুর্জয়’ ও রানারআপ মিলিটারি আইএসটির দল ‘স্পর্শ’।
উৎসবের আয়োজক ইস্যাবের সভাপতি আসিফ আল হাই জানান ‘কিউ-ক্যাশ জাতীয় রোবটিকস উৎসব-২০১৪’ দেশের অন্যতম বৃহৎ রোবটিকস উৎসব বলে বিবেচিত হচ্ছে। এই উৎসবটি আবারও বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিভা ও সামর্থ্যের ব্যাপারটি আমাদের মনে করিয়ে দিয়েছে। ঠিকমতো পরিচর্যা করলে এই খুদে প্রকৌশলীরা অচিরেই দেশকে সাফল্যের দিকে নিয়ে যাবে।’
এ ছাড়া ইস্যাবের সহকারী সাধারণ সম্পাদক ইমতিয়াজ হাসান জানান, ‘ভবিষ্যতে ঢাকার বাইরের আরও বেশিসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বড় একটা উৎসব আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।’