যন্ত্রের সহায়তায় উদ্ধার হলো ছিনতাই হওয়া ট্রাক
ভৌগোলিক অবস্থান চিহ্নিত করার যন্ত্রের সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ থেকে ছিনতাই হওয়া একটা ট্রাক উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া ট্রাকটিতে ‘ভেহিকল ট্র্যাকার’ নামে একটি যন্ত্র লাগান ছিল। ওই যন্ত্রে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) থাকায় কম্পিউটার সার্ভারের মাধ্যমে ট্রাকটির অবস্থান নির্ণয় করা হয়। দেশের বেশ কিছু ট্রাকে এমন যন্ত্র এখন ব্যবহার করা হচ্ছে।পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের চালের ব্যবসায়ী ও গাইবান্ধা জেলা চালকল মালিক সমিতির সভাপতি নাজির হোসেনের একটি ট্রাক (রংপুর-ড-১১-০২১২) গত ১০ এপ্রিল দুপুরে ১৪ মেট্রিক টন আতপ চাল নিয়ে সিলেটের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি যথাসময়ে গন্তব্যে না পৌঁছায় মুঠোফোনে চালকের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। ট্রাকে লাগানো ভেহিকলট্র্যাকার যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকার ফাইন্ডারকে বিষয়টি জানানো হয়। প্রতিষ্ঠানটির কর্মীরা ইন্টারনেটের মাধ্যমে যন্ত্রটির সঠিক অবস্থান বের করেন। এতে দেখা যায়, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা সদর থেকে দুই হাজার ৩২৩ মিটার উত্তর-পশ্চিমে ট্রাকটি রয়েছে। পরে এ তথ্য জানানো হয় গোবিন্দগঞ্জের থানা পুলিশকে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম জানান, বিষয়টি জানার পর হাজীগঞ্জ থানা পুলিশের সহায়তায় ১৩ এপ্রিল জিপিএস সংকেতের মাধ্যমে চিহ্নিত এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ট্রাকটি ছিনতাই হওয়ার সঙ্গে সঙ্গে এটির মালিক থানায় অভিযোগ করেন। কিন্তু সারা দেশে ট্রাক যাতায়াত করায় আইনি প্রক্রিয়ায় সেগুলো খুঁজে বের করা দুষ্কর হয়ে পড়ে। একসময় উদ্ধার করা গেলেও অনেক সময় লেগে যায়। এ ক্ষেত্রে এ ধরণের প্রযুক্তি সহায়ক ভূমিকা রাখছে বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে ফাইন্ডারের প্রকল্প ব্যবস্থাপক সোহেল আমান বলেন, ভেহিকল ট্র্যাকার যন্ত্রটি দেখতে মুঠোফোনের মতো। ট্রাকের ইঞ্জিনের যেখানে এ যন্ত্র বসানো থাকে, তা মালিক ছাড়া কাউকে জানানো হয় না। এটি লাগানো থাকলে ট্রাকটি কোথায় ও কত গতিতে যাচ্ছে, তা ইন্টারনেটে বসেই জানা যায়। —শাহাবুল শাহীন, গাইবান্ধা