যশোরে চালু হলো ই-সেবাকেন্দ্র
সরকারি দপ্তরের সেবা ইন্টারনেটের মাধ্যমে আবেদন করে ঘরে বসেই জেলা প্রশাসনের সব ধরনের সেবা পেতে সম্প্রতি যশোরে চালু হয়েছে ই-সেবাকেন্দ্র। সম্প্রতি যশোর জেলা ই-সেবাকেন্দ্রের অবহিতকরণ ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক নূরুল আমিন এ কথা বলেন। সভায় জানানো হয়, কম খরচে, কম সময়ে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনের সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দেশের মডেল হিসেবে যশোর জেলা প্রশাসনে ইন্টারনেট সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে এখানে আবেদনের কিছুক্ষণের মধ্যে একটি নিশ্চিতকরণ তথ্য পাঠানো হবে। সেখানে একটি আইডি (পরিচয়) নম্বর দেওয়া হবে এবং কোন তারিখে আবেদনকারী তাঁর কাঙ্ক্ষিত সেবা পাবেন তাও জানিয়ে দেওয়া হবে। এ প্রক্রিয়ার পুরোপুরি বাস্তবায়ন হলে সরকারি দপ্তরের দুর্নীতি কমে আসবে। যেকোনো কম্পিউটারের দোকান ও ইউনিয়ন পরিষদের সেবাকেন্দ্র থেকে আবেদন করা যাবে। তার জন্য জেলা তথ্য বাতায়ন (www.dcjessore.gov.bd) নামের ওয়েবসাইটে আবেদন করতে হবে। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব, সদর আসনের সাংসদ খালেদুর রহমান, যশোর-৫ আসনের সাংসদ খান টিপু সুলতান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদসহ অনেকে। —যশোর অফিস