যশোরে ডিজিটাল মেলা শুরু
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যশোর শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার থেকে যশোরে পাঁচ দিনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মেলা শুরু হয়েছে। মুন্সী মেহেরুল্লাহ সড়কে পৌর কমিউনিটি সেন্টারে ‘বিসিএস ডিজিটাল এক্সপো যশোর ২০১১’ নামের এ মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, এ মেলার বিষয় হলো ডিজিটালবাংলাদেশ।বিসিএসের মহাসচিব মজিবুর রহমান তরুণ প্রজন্মকে ডিজিটালবাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।বিসিএস যশোর শাখার চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এ মেলার কেন্দ্রীয় সমন্বয়কারী কাজী আশরাফুল আলম, আহ্বায়ক দীনেশ মজুমদারসহ অনেকে।এই কম্পিউটার মেলাকে কেন্দ্র করে যশোর শহর প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে। উদ্বোধনের পর থেকে কাল রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত ছিল। আজ বুধবার থেকে মেলায় ঢুকতে ১০ টাকার টিকিট কিনতে হবে। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। যশোরের এ মেলায় তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা ২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় রয়েছে শিশুদের বিনা মূল্যে গেম খেলার সুযোগ। মেলার চতুর্থ দিনে শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলায় অংশ নিয়েছে ঢাকাভিত্তিক শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রযুক্তিপণ্য আমদানিকারক ও বিপণনপ্রতিষ্ঠান। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো—কম্পিউটার সোর্স, গ্লোবাল ব্র্যান্ড, ইেনডেক্স আইটি লিমিটেড, টেকভ্যালি, বিজনেস ল্যান্ড, ফ্লোরা লিমিটেড ইত্যাদি।স্থানীয় হাবিব কম্পিউটার, জান কম্পিউটার, ইউনিটি কম্পিউটার, কেকে কম্পিউটার, নাথ কম্পিউটার, এস কম্পিউটার ও অর্পানেট কম্পিউটার মেলায় অংশ নিচ্ছে। —মনিরুল ইসলাম, যশোর