যা কিছু আদর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর বইমেলায় প্রকাশিত হচ্ছে হাজারো বই। সেসব বইয়ের বেশির ভাগেরই শুরুতে থাকে বিশিষ্ট কারও লেখা ভূমিকা, থাকে লেখকের পরিচিতি। ভক্তরা বই কিনে অটোগ্রাফ নেন, সেখানেও থাকে লেখকদের শুভকামনা। সেসব পরিচিতি, ভূমিকা, অটোগ্রাফ ও সমালোচনার কিছু আদর্শ (স্ট্যান্ডার্ড) নিয়েই রস+আলোর এই আয়োজন। লেখা: মো. মিকসেতু

আদর্শ লেখক পরিচিতি
লেখক/কবি ........., পিতা ........., মাতা ........, ......... জেলার ........ থানার ........ গ্রামে ...... সালের .... তারিখে জন্ম নেন। অতি শৈশব থেকেই তাঁর লেখালেখি শুরু। সাহিত্যের প্রতি দুর্বার আকর্ষণে সময়ের আবর্তে আজ তিনি নিজেও একজন সাহিত্যের কর্ণধার। তাঁর প্রথম লেখা গল্প/কবিতা ছাপা হয়েছিল স্কুল ম্যাগাজিনে। এরপর তিনি ......, ......, ......., .......সহ আরও বেশ কটি জাতীয় দৈনিকে লিখেছেন এবং লিখছেন। শূন্য দশকের শুরুতে যে অল্প কজন তরুণ লেখালেখির মহান জগতে আসেন, লেখক/কবি ......... তাঁদের অন্যতম। নিয়মিত গল্প/কবিতা লিখলেও সাহিত্যের সকল শাখায় রয়েছে তাঁর সমান দখল। লেখক/কবি ........ সুদিনের স্বপ্ন দেখতে ভালোবাসেন। ভালোবাসেন পাঠকদেরও স্বপ্ন দেখাতে।

আদর্শ ভূমিকা
সাহিত্য সমাজেরই প্রতিচ্ছবি। সাহিত্যে উঠে আসে মানুষের জীবনের মানচিত্র। একজন প্রকৃত লেখক/কবি তাঁর লেখায় সেই বোধকেই তুলে ধরার চেষ্টা করেন। এদিক থেকে লেখক/কবি ......-এর ...... বইটি সফল বলা যায়। লেখক/কবি ...... তাঁর ...... বইয়ের প্রতিটি গল্প/কবিতায় (উপন্যাস হলে শূন্য স্থানে ‘লাইনে’ শব্দটি ব্যবহার করুন) জীবনের সেই সুতীক্ষ্ণ বোধের প্রকাশ করেছেন। বইটি পড়ে মনের মধ্যে একসময় হাহাকার জেগে উঠবে। এখানেই লেখকের/কবির সার্থকতা। পুরো বইয়ে যে সমাজের ছবি ফুটে ওঠে, সেটা মূলত আমাদের এই সমাজের চারপাশের নিত্য ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাগুলোই তরুণ লেখক/কবি ........ তাঁর নিজস্ব ঢঙে তুলে ধরার চেষ্টা করেছেন। বইটি পাঠকপ্রিয়তা পেলেই তাঁর শ্রম সার্থক হবে।
আমি তরুণ লেখক/কবি .........-এর সাফল্য কামনা করছি।

......... (ভূমিকা লেখকের স্বাক্ষর)
অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক ও গবেষক

আদর্শ অটোগ্রাফ
......... প্রীতিভাজনেষু,
বইয়ের আলোয় আলোকিত হোক তোমার/আপনার জীবন। জীবনের সব বাধা-বিপত্তি ডিঙিয়ে সামনে এগিয়ে যাও/যান—এই শুভকামনা রইল।
শুভেচ্ছা/ভালোবাসাসহ—
(বেশ লম্বা একটা টান শেষে লেখকের সই, নিচে তারিখ)

আদর্শ সমালোচনা
তরুণ লেখক/কবি ......... ভাই আমাদের অতি পরিচিত মুখ। এবারের বইমেলায় বের হয়েছে তাঁর নতুন বই ......। বইটি কেনার পর থেকেই ছটফট করছিলাম—কখন পড়ব! বাসায় এসেই এক নিশ্বাসে পড়ে শেষ করে ফেললাম! বইটা পড়ার পর থেকেই মাথা ঝাঁ ঝাঁ করছে। কী চমৎকার লেখনী! এ রকম শক্তিশালী লেখনী এর আগে কবে পড়েছিলাম, মনে করতে পারছি না। প্রতিটা গল্প/কবিতাই দুর্দান্ত। হাসি-ঠাট্টার আড়ালেও যে কত কঠিন কঠিন কথা বলা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ এই বই। বইয়ে লেখক/কবি চরিত্রগুলোর/কবিতাগুলোর মাধ্যমে সমাজের মন্দ ব্যাপারগুলোর প্রতি তীব্র কটাক্ষ হেনেছেন। একদিকে কটাক্ষ অন্যদিকে প্রেম-ভালোবাসা—কী নেই এই বইয়ে!
বইটির কিছু অংশে উপন্যাস/গল্প/কবিতার চরিত্রের দুঃখে নিজের অজান্তেই কেঁদে ফেলতে হয়েছে। আবার কোথাও চরিত্রের সঙ্গে হা হা হা করে হেসে উঠতে বাধ্য হয়েছি। লেখক/কবি ........-এর সবচেয়ে বড় গুণ হলো, তিনি বইয়ের একদম শুরু থেকেই পাঠককে ধরে রাখতে পারেন। মুগ্ধ হয়ে কেবল পাতা ওল্টাতে হয় পরের গল্পটা জানার জন্য। এভাবে চলতে চলতে একসময় বই শেষ হয়ে যায়, তৃষ্ণা মেটে না! কী এক না-পাওয়ার হাহাকার মনের মধ্যে বেজে চলে! মনে পড়ে যায় কবিগুরুর সেই বিখ্যাত বাণী, ‘শেষ হইয়াও হইল না শেষ...’